তিন চ্যালেঞ্জের মুখে অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের সামষ্টিক অর্থনীতিতে বর্তমানে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো বেসরকারি বিনিয়োগে শ্লথগতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি এবং রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন না হওয়া। তাই দীর্ঘ মেয়াদে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কাঙ্ক্ষিত হারে প্রবৃদ্ধি অর্জনে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।
এটি কোনো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের মূল্যায়ন নয়। খোদ অর্থ মন্ত্রণালয়েরই মূল্যায়ন এটি। সরকারের বিগত মেয়াদের অর্থনৈতিক অগ্রযাত্রা ও সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের সাম্প্রতিক অবস্থা কেমন, তা মন্ত্রিসভাকে অবহিত করতে এ মূল্যায়নপত্র তৈরি করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভায় এটি উঠবে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় মনে করে, ৬ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির সহজাত সক্ষমতার বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
বেসরকারি বিনিয়োগের শ্লথগতি সম্পর্কে মূল্যায়নপত্রে বলা হয়েছে, মোট বিনিয়োগের ৭৫-৮০ শতাংশ আসে বেসরকারি খাত থেকে। বেসরকারি বিনিয়োগ কয়েক বছর ধরে জিডিপির ২১-২২ শতাংশের মধ্যে স্থবির হয়ে আছে। এর মূল কারণ, পর্যাপ্ত ভৌত অবকাঠামোর ঘাটতি, ভূমির অপ্রতুলতা ও নিবন্ধন জটিলতা ইত্যাদি। ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য জিডিপির ৩২ শতাংশ বিনিয়োগ দরকার। তাই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি কিংবা বিদ্যমান বিনিয়োগের উৎপাদনশীলতা বা দক্ষতা বাড়াতে হবে। কিন্তু বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি করা বেশ সময়সাপেক্ষ। তাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও গুণগত মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়।
অন্যদিকে এডিপির আকার ক্রমান্বয়ে বড় করা হলেও প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা হয়নি বলে মনে করে অর্থ মন্ত্রণালয়। এর কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, বাস্তবায়নের ধীরগতি ও অর্থবছরের শেষ প্রান্তকেন্দ্রিক ব্যয়ের প্রবণতার কারণে ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না। এ বছরের জুলাই-অক্টোবর সময়ে বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। এ সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়ায় ১৩ শতাংশ।
উন্নয়ন কর্মসূচি ফলপ্রসূ করার জন্য প্রয়োজন বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব পক্ষের সমন্বিত প্রয়াস। প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করারও তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রাজস্ব খাতটি মূল্যায়ন করে অর্থ মন্ত্রণালয় বলেছে, বর্তমান সরকারের গত মেয়াদের প্রথম দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক-কর আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ আদায় হয়েছে। কিন্তু ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে এনবিআর তার লক্ষ্যের যথাক্রমে ৯২ ও ৮১ শতাংশ রাজস্ব আদায় করতে সমর্থ হয়েছে।
উন্নয়ন ব্যয় অব্যাহত রাখা ও সরকারের ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখতে মূল্য সংযোজন কর (মূসক) আইনের জটিলতা দূর করা ও রাজস্ব-সংক্রান্ত চলমান সংস্কার অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারের নিজের মূল্যায়ন করা চ্যালেঞ্জগুলো ঠিকই আছে। তবে আর্থিক খাতের বর্তমান অবস্থা উপেক্ষা করেছে অর্থ মন্ত্রণালয়। খেলাপি ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েছে। এ ছাড়া আর্থিক খাতে অনেকগুলো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আর্থিক খাতের দুর্বলতাগুলো যথাসময়ে প্রতিকার করা না হলে অর্থনীতিতে শ্লথগতি থাকবেই।
রাজনৈতিক সহিংসতা না থাকলেও অস্থিরতা রয়েছে, তাই বেসরকারি বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন মির্জ্জা আজিজ। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মতো পর্যাপ্ত অবকাঠামো ও নীতি-সুবিধা নেই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ স্থবির হয়ে আছে। এ ছাড়া জ্বালানি বিশেষ করে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা বেশ ব্যয়বহুল হয়েছে।
তবে সামষ্টিক অর্থনীতির ১০টি সূচকে অগ্রগতি হয়েছে, এমন দাবি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নপত্রে। এগুলো হলো জিডিপির অব্যাহত প্রবৃদ্ধি, সরকারি বিনিয়োগ পরিস্থিতির অগ্রগতি, জীবনযাত্রার মানোন্নয়ন, স্থিতিশীল দ্রব্যমূল্য, অভ্যন্তরীণ সম্পদ আহরণে অগ্রগতি, বাজেটের আকার ও উন্নয়ন ব্যয় সম্প্রসারণ, পরিমিত বাজেট ঘাটতি, আর্থিক খাতের গভীরতা, বহিঃ খাতের সুদৃঢ় অবস্থা এবং বৈদেশিক সাহায্যের সর্বোচ্চ অঙ্গীকার ও ক্রমাগত বিদেশি বিনিয়োগ বৃদ্ধি।