তিন প্রান্তিকে রাজস্ব ঘাটতি ১৫ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছর শুরুর পর কোনো মাসেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। বরং প্রতি মাসে ঘাটতি কেবলই বেড়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায় ঘাটতি হয়েছে ১৫ হাজার ১৪৬ কোটি টাকা। আলোচ্য সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আয়করসহ মোট শুল্ক কর আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩২ কোটি টাকা। এ সময়ে লক্ষ্য ছিল ১ লাখ ২০ হাজার ৫৭৮ কোটি টাকা।
তবে গত এপ্রিল মাসে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য কমিয়ে দেড় লাখ কোটি টাকা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ১৫ দশমিক ৯১ শতাংশ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। তবে নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে টাকার অঙ্কে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বেড়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৯০ হাজার ৯৫৯ কোটি টাকা।
এমন অবস্থায় এনবিআরকে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ লাখ ৩ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের নতুন লক্ষ্য দেওয়া হচ্ছে বলে জানা গেছে, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্য থেকে ৩৫ শতাংশের বেশি।
রাজস্ব লক্ষ্য অর্জন সম্পর্কে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, অর্থনীতির আকার বাড়ছে। এতে নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। রাজস্ব আদায়ে মূল চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত যত অ্যাক্টর বা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে, তাদের সবাইকে নিয়ে সমানভাবে সামনে এগিয়ে যাওয়া। রাজস্ব প্রদানকারী ও আদায়কারীরা যদি যথানিয়মে চলে, তাহলে যত বড় লক্ষ্যই থাকুক না কেন, তা অর্জনে সমস্যা হবে না।
আদায় পরিস্থিতি: জুলাই-মার্চ সময়ে স্থানীয় পর্যায় থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে সাধারণত মূসক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-মার্চ সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৯ হাজার ৯১৫ কোটি টাকা। গতবার একই সময়ে আদায় হয়েছিল ৩৪ হাজার ৯০৮ কোটি টাকা।
এরপর বেশি আদায় হয়েছে আয়কর খাতে। এ সময়ে আয়কর, ভ্রমণ করসহ প্রত্যক্ষ কর আদায় হয়েছে ৩৩ হাজার ১৭৯ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে ২৮ হাজার ৯৯৩ কোটি টাকা আদায় হয়েছিল।
এ ছাড়া আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূসক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায় হয়েছে ৩২ হাজার ৩৩৮ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে এ খাতে আদায় হয়েছিল ২৭ হাজার ৫৭ কোটি টাকা।
এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজস্ব আদায়ের একটি বিশাল অংশ আদায় হয় উৎসে কর হিসেবে। বছরের শেষ দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলোর অর্থ ঠিকাদারদের জন্য ছাড় করা হবে। তখন উৎসে কর হিসেবে বিপুল অর্থ আসবে।