থমকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য
টানা অবরোধ-হরতালে থমকে গেছে দেশের ব্যবসা-বাণিজ্য। বড় ক্ষতির মুখে পড়েছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা। ঢাকাসহ অন্যান্য স্থানে পণ্য পাঠাতে না পেরে সংকটে পড়েছেন কৃষক।
অবরোধ শুরু হওয়ার পর পাহারা দিয়ে রপ্তানি পণ্য পৌঁছে দিচ্ছে পুলিশ, বিজিবি ও র্যা ব। কিন্তু এই পাহারার মধ্যেও যানবাহন ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে রপ্তানিকারকদের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
আবার নিরাপত্তা না থাকায় রপ্তানির বাইরে অন্যান্য পণ্যের পরিবহনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। সারা দেশে পণ্য পৌঁছাতে পারছেন না নিত্যপণ্যের ব্যবসায়ীরা। এতে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানার গুদামে পণ্য জমে গেছে। ফলে
অনেক প্রতিষ্ঠানই উৎপাদন কমিয়ে দিয়েছে।
২০১৪ সাল খানিকটা স্বস্তি দিয়েছিল ব্যবসায়ীদের। নতুন বছরের শুরুতেই সেই স্বস্তি মিলিয়ে যায়। বছরটি শুরুই হয়েছে হরতাল দিয়ে। ৬ জানুয়ারি থেকে চলছে বিএনপি জোটের অবরোধ।
সব মিলিয়ে নতুন বছরের ১৫ দিনের মধ্যে ১১ দিনই ছিল হরতাল-অবরোধ। এর মধ্যে দুই দিন ছিল হরতাল। আরেক দিন ছিল সরকারি ছুটির দিন। অর্থাৎ ব্যবসা-বাণিজ্যের জন্য স্বাভাবিক দিন ছিল তিনটি।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্টারন্যাশন্যাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) হিসাবে এক দিনের হরতালে ক্ষতি হয় ১ হাজার ৫৪০ থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা। সে হিসাবে জানুয়ারি মাসের ১১ দিনের হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে ১৭ হাজার কোটি টাকারও বেশি।
নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৩ সালে দেশের ব্যবসা-বাণিজ্যের এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়। এই হিসাব এফবিসিসিআইয়ের। ওই বছরের জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধ হয় ৬২ দিন।
বছরের শুরুর এই সময়টায় পোশাক কারখানাগুলোতে বেশ ক্রয়াদেশ আসে। শিল্পমালিকেরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা এ দেশে আসছেন না। উল্টো হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ডেকে নিয়ে যাচ্ছেন। ক্রয়াদেশও দিচ্ছেন কম।
বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘যেখানে এক লাখ পিস ক্রয়াদেশ দেওয়ার কথা, সেখানে ক্রেতারা ৪০ হাজার থেকে ৬০ হাজার পিসের আদেশ দিয়ে বলছেন, তোমাদের দেশের অবস্থা ভালো না। আগে এইটুকু করো, পরে দেখা যাবে।’
পুলিশি পাহারায় এখন পণ্য পরিবহন হলেও ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া আগের চেয়ে ৪০-৪৫ শতাংশ বেড়ে গেছে। এমন তথ্য দিয়ে শহিদউল্লাহ আজিম বলেন, অনেক ট্রাকমালিকই নিরাপত্তার অজুহাতে পণ্য নিয়ে যেতে চাচ্ছেন না। ফলে ট্রাক ও কাভার্ড ভ্যান পেতেও সমস্যা হচ্ছে।
বস্ত্র খাতের কাঁচামালের (তুলা) প্রায় পুরোটাই আমদানি করতে হয়। পুলিশ পাহারায় সীমিত পরিসরে এসব কাঁচামাল আনা যাচ্ছে। তবে বস্ত্র খাতের উদ্যোক্তারা বলছেন, কারখানায় সময়মতো কাঁচামাল আনতে না পারার কারণে বস্ত্র উৎপাদন ও সরবরাহ ঠিকমতো করতে পারছেন না তাঁরা। এতে তাঁদের গুদামে পণ্যের স্তূপ জমেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, প্রতিটি কারখানাতেই ১৫–২০ দিন, সর্বোচ্চ এক মাসের কাঁচামাল সংরক্ষিত থাকে। হরতাল-অবরোধ আর কয়েক দিন অব্যাহত থাকলে কাঁচামাল সংকটে পড়বে কারখানাগুলো। তখন অবস্থা হবে ভয়াবহ।
হরতালের ক্ষয়ক্ষতি নিয়ে ২০১৩ সালে ডিসিসিআই একটি গবেষণা করেছিল। তাতে বলা হয়, এক দিনের হরতালে উৎপাদনশীল খাতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়।
বছরের এই সময়টায় (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটনের ভরা মৌসুম। উদ্যোক্তারা আবাসন (হোটেল-রিসোর্ট), পরিবহন, খাদ্য ও পানীয় (রেস্টুরেন্ট) এবং বিনোদন (বিনোদন পার্ক)—এই চারটি খাতকে একত্রে পর্যটন খাত গণ্য করেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে এ খাত-সংশ্লিষ্টরা বলছেন, এক দিনের হরতাল-অবরোধে পর্যটন খাতের ক্ষতি আনুমানিক ২০০ কোটি টাকা। এর মধ্যে হোটেল-রিসোর্টের এক দিনের ক্ষতিই প্রায় ৫০ কোটি টাকা।
টুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জামিউল আহমেদ বলেন, ‘আমাদের পর্যটন খাতে এখনো দেশীয় পর্যটকই বেশি। কিন্তু এই পরিস্থিতিতে পর্যটক একদমই কমে গেছে। টাকা দিয়ে তো আর কেউ মৃত্যু কেনে না। এটা আমাদের পিক সিজন। কিন্তু যত গন্ডগোল এই সময়টাতেই হয়।’
হরতাল–অবরোধের প্রভাব
সার্বিক ক্ষতি
নতুন বছরের ১৫ দিনের মধ্যে হরতাল-অবরোধ হয়েছে ১১ দিন। এতে সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে
১৭ হাজার কোটি টাকা
পোশাক খাত
প্রথম ছয় দিনের অবরোধে পোশাক খাতের ক্ষতি
৪৫০ কোটি টাকা
প্রতিদিনের হরতাল-অবরোধে রপ্তানি বাধাগ্রস্ত হয়
৬৯৫ কোটি টাকা
যানবাহনে আগুন ভাঙচুর ৫১৫টি
ট্রাক–কাভার্ড ভ্যান কম চলায় পেণ্যর সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে
প্রতিদিনের ক্ষতি
দোকানপাটসহ ক্ষুদ্র ব্যবসার ক্ষতি
১৫০ কোটি
উৎপাদনশীল খাতে
১০০ কোটি
পণ্য পরিবহনে ক্ষতি
২০ কোটি
যাত্রী পরিবহনে ক্ষতি
৪৮ কোটি
হোটেল–রিেসার্টের ক্ষতি
৫০ কোটি
সূত্র: এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, দোকান মালিক সমিতি ও সংশ্লিষ্ট খাত