থ্রিজি ব্যবহারকারী ১.৩৮ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে বর্তমানে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ। থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারীর এ পরিসংখ্যান তুলে ধরে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ বলছে, এই প্রযুক্তির ইন্টারনেট সক্ষমতার ৭০ শতাংশই বাংলাদেশে ব্যবহার হচ্ছে না। ‘এশিয়ায় মুঠোফোন ইন্টারনেট ব্যবহারের প্রতিবন্ধকতা’ শীর্ষক জিএসএমএর করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
জিএসএমএর গবেষণায় বলা হয়েছে, বর্তমানে এশিয়ার ৮০ শতাংশ জনগোষ্ঠী থ্রিজি বা এর চেয়ে উন্নত প্রযুক্তির ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। থ্রিজি প্রযুক্তির ইন্টারনেট সেবা পেতে পারে বাংলাদেশে এমন জনগোষ্ঠীর সংখ্যা ৭৯ শতাংশ। এই জনগোষ্ঠীর মাত্র ৮ শতাংশ বা ১ কোটি ৩৮ লাখ এখন থ্রিজি ইন্টারনেট ব্যবহার করছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৬ কোটি ৩২ লাখ। তবে আলাদাভাবে থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারীর পরিসংখ্যান বিটিআরসি প্রকাশ করে না। ইন্টারনেট ব্যবহারকারীর সরকারি এ পরিসংখ্যানের সঙ্গে বড় ধরনের পার্থক্য আছে বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার হিসাবে। বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ শীর্ষক প্রতিবেদনের হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার ৯২ শতাংশ বা ১৪ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট বঞ্চিত। আর ইন্টারনেট লাইভ স্ট্যাটসের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২ কোটি ১৪ লাখ।

গবেষণায় বলা হয়েছে, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেও এশিয়ার ২২০ কোটি লোক সেটি কাজে লাগাচ্ছে না। সুযোগ থাকা সত্ত্বেও এত বিপুলসংখ্যক জনগোষ্ঠী কেন ইন্টারনেট ব্যবহার করছে না মূলত সেই প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে গবেষণায়। থ্রিজি ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর পিছিয়ে থাকার তিনটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো ইন্টারনেটে স্থানীয় কনটেন্ট বা বিষয়বস্তুর অভাব, ক্রয়ক্ষমতার সক্ষমতা এবং ডিজিটাল জ্ঞানের অভাব। এই গবেষণার উপাত্ত সংগ্রহে এশিয়ার ছয়টি দেশের ১ হাজার লোকের মতামতভিত্তিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যানও ব্যবহার করা হয়েছে।

এশিয়ার দেশগুলোতে গত পাঁচ বছরে স্মার্টফোনের ব্যবহার যে হারে বেড়েছে সে হারে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি না পাওয়ার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এ সম্পর্কে বলা হয়েছে, ২০১০ সালে এ অঞ্চলে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার উপযোগী ডিভাইস ব্যবহারের পরিমাণ ছিল ৮ শতাংশ। ২০১৫ সালে তা বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশ হলেও ইন্টারনেট ব্যবহার বেড়েছে ২৫ শতাংশের কম। অর্থাৎ এশিয়ায় জনগোষ্ঠীর একটি বড় অংশ স্মার্টফোন ব্যবহার করলেও সেটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করে না।

গবেষণায় এশিয়ায় পুরুষদের তুলনায় নারীরা ইন্টারনেট ব্যবহারে আরও বেশি পিছিয়ে থাকার বিষয়টিও উঠে এসেছে। ভারতের উদাহরণ তুলে ধরে এ সম্পর্কে বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীরা দেশটিতে ৬২ শতাংশ কম ইন্টারনেট ব্যবহার করে।