দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এগিয়ে, অবস্থান ৯৯তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক মানব পুঁজি সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে। তবে শ্রীলঙ্কা ও ভুটান—এ দুটি প্রতিবেশী দেশের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম। আর শ্রীলঙ্কা ৬০, ভুটান ৮৭, ভারত ১০০ ও পাকিস্তান ১১৩তম স্থানে রয়েছে।
ডব্লিউইএফ অর্থনৈতিক উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ভিত্তিতে বিশ্বের ১২৪টি দেশের ওপর জরিপ চালিয়ে এই সূচক তৈরি করেছে।
মানব পুঁজি সূচকের প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। দেশটির স্কোর হচ্ছে ৮৬। ঠিক এর পেছনেই রয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা ও জাপান। সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশও রয়েছে শীর্ষ দশে।
সুইজারল্যান্ডের জেনেভায় গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউইএফের বৈশ্বিক মানব পুঁজি সূচকটি প্রকাশ করা হয়।
সূচকটির একটি জায়গায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। সেটি হলো, কলা ও মানবিক বিভাগে গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রিধারীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। বর্তমানে বাংলাদেশে কলা ও মানবিক বিভাগে স্নাতক ডিগ্রিধারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪১ জন।
এ ক্ষেত্রে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে স্নাতক ডিগ্রিধারীর সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৫৩৬ জন। আর জাপান ১ লাখ ৪৪ হাজার ২১৯ জন স্নাতক ডিগ্রিধারী নিয়ে দ্বিতীয় ও যুক্তরাজ্য ১ লাখ ২৫ হাজার ৭৩৮ জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ডব্লিউইএফ মানব পুঁজি সূচকটি তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকদের মানবসম্পদের দক্ষতা বা সক্ষমতা বৃদ্ধির পরামর্শও দিয়েছে।
সূচকে বাংলাদেশে দক্ষ কর্মীর দুষ্প্রাপ্যতা ও সক্ষমতার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে ডব্লিউইএফ। সেই সঙ্গে মেধাবীদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে নিয়োগ প্রদানের পরামর্শ দিয়েছে। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর হচ্ছে ৫৭ দশমিক ৬২।
সংবাদ সম্মেলনে সূচকটি প্রকাশকালে ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াব বলেন, ‘একুশ শতকে উদ্ভাবন, প্রতিযোগিতাশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের জন্য পুঁজি নয়, মেধাই হলো মূল নিয়ামক।’
ভারত ছাড়া ব্রিকস জোটের অন্য দেশগুলোর চেয়ে সূচকে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা—এই পাঁচটি দেশের আদ্যক্ষর নিয়ে ব্রিকস জোটের নামকরণ করা হয়। জোটের সদস্যদের মধ্যে ব্রাজিল ৭৮, রাশিয়া ২৬, চীন ৬৪ ও দক্ষিণ আফ্রিকা ৯২তম স্থানে রয়েছে।
মোট ৪৬টি মানদণ্ডের ভিত্তিতে জরিপ চালিয়ে এই সূচক তৈরি করা হয়। এ ক্ষেত্রে দেশগুলো কীভাবে উন্নতি করছে এবং শিক্ষা-প্রশিক্ষণ ও দক্ষতায় জোর দিয়ে মানবসম্পদকে কাজে লাগাচ্ছে, তা বিবেচনায় নেওয়া হয়েছে।
আমেরিকার আন্তর্জাতিক মানবসম্পদ ও আর্থিক সেবা-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান মার্কার-এর সহযোগিতায় ডব্লিউইএফ মানব পুঁজি সূচক তৈরি করে।
সূত্র: ডব্লিউইএফ