দরকার রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সর্বোত্তম সমন্বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ দেশের অর্থনীতিতে কর্মদক্ষতা বাড়াতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সর্বোত্তম সমন্বয় এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংলাপের পরামর্শ দিয়েছে। এতে ব্যবসায়িক আস্থা তৈরি হবে, বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং চলতি ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে ৬ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে সংস্থাটি মনে করে।
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ২০১৪-১৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জনের বিষয়েও সংশয় প্রকাশ করেছে উন্নয়ন অন্বেষণ।
প্রতিষ্ঠানটির ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনায়’ বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে উপর্যুপরি ঘাটতি বেসরকারি খাতে বিনিয়োগের মন্থরগতিকে আরওÿক্ষতিগ্রস্ত করতে পারে। এতে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।
এই বক্তব্যের সপক্ষে উন্নয়ন অন্বেষণ বলেছে, জানুয়ারির আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক ভালো থাকা সত্ত্বেও গত বছরের নভেম্বরে বেসরকারি খাত ১৪ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক পিছিয়ে ছিল। সেই আলোকে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে এই খাতে ১৫ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা রয়েছে বলা যায়।
গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, দেশের ব্যাংক খাতে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণ ও অলস টাকার পরিমাণ বাড়ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় সাম্প্রতিক অবনতির সমালোচনা করে উন্নয়ন অন্বেষণ জানায়, এগুলোর কার্যক্রমে নজরদারির অভাব, আর্থিক কেলেঙ্কারি ও জালিয়াতির প্রকোপ এবং পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় অদক্ষতা রয়েছে।