দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি নিয়ে গবেষণা করবে সিপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি হবে ২০১৫ সালে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণার মূল প্রতিপাদ্য। গবেষণায় দেশের বর্তমান প্রেক্ষাপটে গ্রামীণ দারিদ্র্য, জেন্ডার বাজেট, বাণিজ্যের মূলধারা, কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
সিপিডির ৪৪তম বোর্ডসভার আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্র্যাকের উপদেষ্টা মাহবুব হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
সভায় সিপিডির ২০১৫ সালের জন্য প্রস্তাবিত গবেষণা, সংলাপ ও প্রকাশনা কার্যক্রমের পরিকল্পনা অনুমোদিত হয়। সিপিডি এ বছর অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ, এডিপি বাস্তবায়ন, ভর্তুকি বণ্টনের সমতা, স্বল্পোন্নত দেশগুলোর জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়, স্যানিটারি ও ফাইটোস্যানিটারির মতো অশুল্ক বাধা, বাণিজ্য ব্যবস্থাপনা সহজকরণ, রানা প্লাজা পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নতুন ভ্যাট আইন নিয়ে বিশেষভাবে কাজ করবে।
সভায় ট্রাস্টি বোর্ড সিপিডিকে ঢাকার বাইরে আরও বেশি সংলাপ অনুষ্ঠানে উৎসাহিত করে। এতে সিপিডির ২০১৪ সালের বার্ষিক হিসাব এবং ২০১৫ সালের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।