দারিদ্র্য বিমোচনকেই প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনায়ক সেন
বিনায়ক সেন

মানুষের মধ্যে আয়বৈষম্য কমানোর চেয়ে দারিদ্র্য হার কমানোর দিকেই এখন বেশি মনোযোগ দিতে হবে। বাংলাদেশ উন্নয়নের এমন পর্যায়ে রয়েছে যে এ দেশে গরিব মানুষের সংখ্যা এখনো অনেক বেশি। তাদের আয় বাড়িয়ে জীবনমানের উন্নয়ন ঘটানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন গতকাল প্রথম আলোকে এসব কথা বলেন। সদ্য প্রকাশিত দারিদ্র্য মানচিত্র মূল্যায়ন করতে গিয়ে তিনি এই মত দেন।
বিনায়ক সেন বলেন, অনেকে মনে করেন, বৈষম্য কমানোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু যে মানুষগুলো ঠিকমতো খেতে পায় না, কাপড় পরতে পারে না; স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদেরকেই আগে দেখতে হবে। দারিদ্র্য কমানোর এই নীতিকে প্রাধান্য দিয়ে সফল হয়েছে এমন দেশগুলোর অন্যতম হলো চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
বিনায়কের মতে, বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা কত, এ নিয়ে মতের ভিন্নতা রয়েছে। তবে মোটা দাগে পাঁচ-ছয় কোটি মানুষ দরিদ্র। এই সংখ্যা বেশ কয়েকটি দেশের মোট জনসংখ্যার বেশি। তাই গরিব মানুষের আয় বাড়িয়ে দারিদ্র্য বিমোচনের উদ্যোগই আগে নেওয়া উচিত।
বিনায়ক সেন আরও বলেন, গরিব মানুষের বিনিয়োগ করার মতো জমি কিংবা সঞ্চয় নেই। ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়িয়ে গরিব মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য সরকারকে পর্যাপ্ত নীতি ও অবকাঠামো সুবিধা দিতে হবে। এখন প্রশ্ন হলো, কর্মসংস্থানের কাছে গরিব মানুষ যাবে, নাকি গরিব মানুষের কাছে কর্মসংস্থান যাবে। দেখা গেছে, গরিব মানুষ যেখানে কাজ পায়, সেখানেই যায়। ঢাকা ও চট্টগ্রামে কাজ বেশি, তাই এখানে গরিব মানুষ এসে ভিড় করে। তাই ঢাকা ও চট্টগ্রামের বাইরে জমি, গ্যাস, বিদ্যুৎ-সুবিধা দিয়ে ব্যক্তি খাতের বিনিয়োগ আকৃষ্ট করা যেতে পারে।
বিনায়ক সেনের মতে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমেও গরিব মানুষের স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য মৌলিক সুবিধা দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, যাদের কাছে এই সুবিধা পৌঁছানোর কথা, তারা তা পাচ্ছে না। আবার যাদের পাওয়ার কথা নয়, তারাই এসব সুবিধা পাচ্ছে। তাই সুবিধাভোগী চিহ্নিত করে প্রাপ্ত সুবিধার (টাকার পরিমাণ) বাড়ানো উচিত।
অন্যদিকে কর ফাঁকি রোধ করে ধনীদের কাছ থেকে আরও বেশি সম্পদ আহরণের মাধ্যমে বৈষম্য কমানো যেতে পারে বলে বিনায়ক সেন মনে করেন। তিনি বলেন, সাবান, তেল, লবণসহ প্রায় সব পণ্য কিনতেই গরিব মানুষকে পরোক্ষ কর দিতে হয়। গরিব মানুষের কর ফাঁকি দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে কর ফাঁকির প্রবণতা বেশি ধনীদের মধ্যেই। এ ছাড়া স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো খাতে ব্যয় বাড়িয়েও বৈষম্য কমাতে পারে সরকার। এসব ব্যয়ের সুবিধা গরিব মানুষও পাবে।