সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলের ওপর আলোচনায় অর্থমন্ত্র
দুর্নীতি না থাকলে জিডিপি ২-৩ শতাংশ বাড়ত

পদ্ধতিগত দুর্নীতি না থাকলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়ত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবহার বাড়িয়ে এ ধরনের দুর্নীতি কমানো যাবে। এ জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলের ওপর এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশে কার্যরত দাতা দেশ ও সংস্থার ফোরাম স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সঙ্গে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, রাজনৈতিক অস্থিরতায় জিডিপির ১ শতাংশ ক্ষতি হয়েছে। দেশের মানুষ রাজনৈতিক অস্থিরতা চায় না। অর্থনৈতিক শক্তি বাড়লে রাজনৈতিক অস্থিরতা এমনিতেই কমে যাবে।
এ ছাড়া অর্থমন্ত্রী এ পরিকল্পনা খসড়ায় বেশ কিছু লক্ষ্যকে উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন। এ পরিকল্পনায় আগামী পাঁচ বছরে ১ কোটি ৮৭ লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছে। অর্থমন্ত্রীর মতে, এ লক্ষ্য উচ্চাভিলাষী। তিনি বলেন, ‘আমার তথ্য-উপাত্ত বলে, এ লক্ষ্য অর্জন কঠিন হবে। এ দেশে বেকারত্বের হারও অনেক বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড অনুযায়ী দেশে যে বেকারত্বের চিত্র পাওয়া যায়, বাস্তবে এর বেশি বেকার রয়েছে।’ তিনি মনে করেন, কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ। দক্ষ মানবসম্পদ গঠনে দাতারা অংশ নিতে পারে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে উন্নতি করে কর্মসংস্থান করা যেতে পারে।
অর্থমন্ত্রীর মতে, বেসরকারি খাতের বিনিয়োগ চাঙা করাও আরেকটি চ্যালেঞ্জ। এ দেশে বিদেশি বিনিয়োগের হার অত্যন্ত কম। কিন্তু এ খসড়ায় বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ৯ দশমিক ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বিনিয়োগ আকৃষ্ট করতে এ দেশের রাজনৈতিক সংস্কৃতি একটি বড় সমস্যা। অর্থমন্ত্রী আরও বলেন, এ পরিকল্পনা দলিলে শতভাগ উচ্চশিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটা উচ্চাভিলাষী লক্ষ্য।
অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি চায় দাতারা: সপ্তম পঞ্চবার্ষিক খসড়া দলিলের ওপর মতামত নিতে এলসিজি প্রতিনিধিদের সঙ্গে এ সভার আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সভায় অংশ নিয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস বলেন, ‘ক্রয় খাতে দুর্নীতি হয়। ই-প্রকিউরমেন্ট পদ্ধতি এ দুর্নীতি কমাতে পারে। তাই আমার সুপারিশ হলো, সপ্তম পরিকল্পনায় এটা থাকা উচিত যে সব ধরনের সরকারি কেনাকাটায় স্বয়ংক্রিয় পদ্ধতি অনুসরণ করা হবে।’ এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষায় স্বাধীন নিরীক্ষক (এক্সটার্নাল অডিটর) নিয়োগ করার সুপারিশ করেন তিনি। আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠা—এ তিনটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা।
যুক্তরাজ্যে উন্নয়ন সংস্থা ডিএফআইডি বাংলাদেশ প্রতিনিধি সারাহ কুক বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও সুশীল সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ছাড়া কর্মসংস্থানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।
জনপ্রশাসনের সংস্কারের পরামর্শ দিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আর্জেন্টিনা মাতাবেল পিচ্চিন বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের আমলাদের ওপর রাজনৈতিক প্রভাব না খাটানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এখানে বিভিন্ন কাজে রাজনৈতিক প্রভাব খাটানো হয়। আমলাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ ভালো করছে। এর পেছনে কারণ হলো—এ দেশের মানুষের মধ্যে প্রতিযোগিতা করার মনোভাব রয়েছে। এক পরিবারের ছেলে স্কুলে গেলে, অন্য পরিবারও তাদের ছেলেকে স্কুলে পাঠায়। সর্বত্রই এমন প্রতিযোগিতা হয়।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রবাস-আয় ছাড়া গত ছয় বছরে কোনো সূচক নিম্নমুখী হয়নি। দুর্নীতি কতটা আছে, তা বলা সম্ভব নয়। তবে দুর্নীতি কমাতে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে কর ব্যবস্থা স্বয়ংক্রিয় হচ্ছে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হয়েছে।
অনুষ্ঠানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। প্রবন্ধে বলা হয়েছে, এ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ৩১ লাখ ৯০ হাজার ৩০০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে মাত্র ৩ লাখ ৫ হাজার ২০০ কোটি টাকা দেবে উন্নয়ন সহযোগীরা।
সভায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।