দুর্নীতিতে নষ্ট হয় বছরে দুই লাখ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির কারণে বিশ্বে প্রতিবছর দুই লাখ কোটি ডলার নষ্ট হয়। অথচ এ অর্থ দিয়ে বিশ্বের চারটি বড় সমস্যার সমাধান করা সম্ভব। সমস্যাগুলো হচ্ছে ক্ষুধা নিবারণ, ম্যালেরিয়া দূর, অবকাঠামো খাতের উন্নয়ন এবং শিশুদের মৌলিক শিক্ষা দেওয়া।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রয়টার্স।
প্রতিবেদনে ক্ষুধা নিবারণ নিয়ে বলা হয়েছে, ইয়েমেন থেকে মাদাগাস্কার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের শিকার বিশ্বের বহু মানুষ। সব মিলিয়ে বিশ্বের ৮০ কোটি মানুষ ঠিকমতো খাবার পায় না। ২০১৫ সালে জাতিসংঘ হিসাব করে দেখেছে, বছরে ১১ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করলে এ সমস্যা মেটানো যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বের ২১ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৪ লাখ ২৯ হাজার মানুষ মারাও গেছে। অথচ গবেষকেরা হিসাব করে বের করেছেন যে ৮৫০ কোটি ডলারের একটি তহবিল থাকলেই ১৫ বছরের মধ্যে বিশ্ব থেকে ম্যালেরিয়া দূর করা যাবে। আর শুরুর দিকে এ জন্য ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরের জন্য দরকার পড়বে মাত্র ৬০ কোটি ডলার।
বিভিন্ন দেশে রাস্তাঘাট ও সেতুর বড় অভাব এবং প্রকট বিদ্যুৎ সমস্যার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিশ্বে অবকাঠামো খাতে বছরে ব্যয় হচ্ছে ৩ লাখ ৭০ হাজার কোটি ডলার। তার পরও ঘাটতি রয়ে গেছে আরও ১ লাখ কোটি ডলারের। গবেষকদের তথ্য অনুযায়ী শুধু দুর্বল অবকাঠামোর কারণেই বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৪ লাখ কোটি ডলার যোগ হতে পারছে না।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বহু শিশু এখনো মৌলিক শিক্ষা, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত। গবেষকেরা ২০১৪ সালে এক হিসাবে দেখিয়েছেন, বছরে ২ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করলে বিশ্বের ৪৬টি নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশের শিশুদের মৌলিক শিক্ষা দেওয়া সম্ভব। আর এটি করা গেলে তাদের প্রত্যেকের আয় বাড়বে ১০ শতাংশ করে এবং জিডিপিতেও তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।