
নিজেদের চেষ্টায় উদ্যোক্তা হয়েছেন তাঁরা। সবার স্বপ্ন ছিল বিশাল। এক প্রতিষ্ঠানের সফলতা তাঁদের নতুন নতুন প্রতিষ্ঠান গড়তে অনুপ্রেরণা জুগিয়েছে। তবে তাঁদের এ স্বপ্ন গুঁড়িয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। টানা অবরোধ আর থেমে থেমে ডাকা হরতালে দিশেহারা তরুণ উদ্যোক্তারা। তিন তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলে হতাশার এমন চিত্র পাওয়া গেল।
অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে ২০০৭ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড নামের ওষুধ কারখানা গড়ে তোলেন রাইসুল উদ্দিন ওরফে সৈকত। সাত বছরের মাথায় আরও দুটি কারখানা গড়ে তোলেন তিনি। কর্মসংস্থান করেছেন প্রায় ৬০০ জনের। এই তরুণের অগ্রগতি থামিয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা।
রাইসুল উদ্দিন বলেন, ‘বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে ওষুধ তৈরি ও সারা দেশে বিপণন কিছুই ঠিকমতো করতে পারছি না। অবরোধের তিন দিনের মাথায় আমার কারখানার নিজস্ব দুটি পণ্যবাহী গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। এখন হাতে এক কোটি টাকার ওষুধ বুকিং আছে। গাড়ি না পাওয়ায় উত্তরবঙ্গে এই পণ্য পাঠাতে পারছি না। একের পর এক বাধায় সামনে এগোতে পারছি না। দেয়ালে পিঠ ঠেকে গেছে।’
নিজের উদ্যোগে ২০০৪ সালে ছোট আকারে ফ্যাশন হাউস ‘শৈল্পিক’ গড়ে তুলেছিলেন এইচ এম ইলিয়াছ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে এই উদ্যোক্তা কয়েক বছরের মধ্যেই সাফল্য পান। এর ধারাবাহিকতায় গত বছর থেকে ফার্নিচারের ব্যবসাও শুরু করেন। এই উদ্যোক্তা এখন হরতাল-অবরোধে ব্যবসা চালাতেই হিমশিম খাচ্ছেন। এই প্রতিষ্ঠানের পোশাক তৈরির কাঁচামাল আনতে হয় নরসিংদী, রাজশাহী, মানিকগঞ্জ থেকে। আবার বিদেশ থেকেও কাপড় আমদানি করে প্রতিষ্ঠানটি। আর তৈরি পণ্য সরবরাহ হয় সারা দেশে। কিন্তু অবরোধের কারণে পুরো প্রক্রিয়াই স্থবির হয়ে পড়ছে।
এইচ এম ইলিয়াছ বলেন, ‘টানা অবরোধে পোশাকের বিক্রি কমে গেছে প্রায় ৫০ শতাংশ। বিক্রি কমে যাওয়ায় এখন প্রতিষ্ঠানের ৪০০ কর্মীর বেতন-ভাতা দিতেই হিমশিম খাচ্ছি। উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপেই বাধার মুখে পড়ছি।’
পড়াশোনা শেষ করে সিজ্জইল মমতাজ ২০০৪ সালে ‘এস্তেটিকা’ নামে ইন্টেরিয়র ফার্ম গড়ে তোলেন। এই খাতে সফলতার পর কয়েকজন উদ্যোক্তার সঙ্গে ‘বািয়ং হাউস’ ও ছোট আকারের পোশাক কারখানায়ও বিনিয়োগ করেন। এক বছর আগে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হোঁচট খেয়েছেন এই নারী উদ্যোক্তা। সেটি সামাল দেওয়ার আগে এবার টানা অবরোধে এখন তিনি দিশেহারা। তাঁর ভাষায়, ‘দুটি প্রকল্পের ইন্টেরিয়র ডিজাইন তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শ্রমিকদের একত্র করা, উপাদান সংগ্রহ থেকে শুরু করে সবকিছুর সমন্বয় করতে পারছি না। গ্রাহকেরাও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কাজ শুরু করতে আগ্রহী দেখাচ্ছে না। এক মাস ধরে সব কাজই থেমে আছে। প্রতিষ্ঠানের লেনদেনও অন্তত ৯০ শতাংশ কমে গেছে। কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে এখন হিমশিম খেতে হচ্ছে। হরতাল-অবরোধ থেকে মুক্তি না দিলে ব্যবসা চালু রাখতে পারব না।’
আরও পড়ুন