
প্রথম আলো: তোবার পোশাকশ্রমিকদের বিষয়ে বিজিএমইএ ব্যবস্থা নিল। কিন্তু ঈদের আগে নিল না কেন?
রিয়াজ: তোবার কর্মকর্তারা ঈদের আগে শেষ কর্মদিবসের বেলা দেড়টা পর্যন্ত আমাদের আশ্বাস দিয়েছেন ব্যাংক টাকা দিচ্ছে, তাঁরা টাকা নিয়ে আসছেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ঋণ না দেওয়ায় বিপত্তি ঘটে। ওই মুহূর্তে আর কিছুই করার ছিল না। তার পরও আমরা তোবার কারখানার ফ্লোর, কাভার্ড ভ্যান ও সেলাই মেশিন বিক্রি করার চেষ্টা করেও ব্যর্থ হই। অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত। ঈদ সবার। সেই ঈদ শ্রমিক-উদ্যোক্তা মিলে একসঙ্গে করবেন, সেটাই স্বাভাবিক। দুঃখজনক হলেও শ্রমিকেরা ঈদ করতে পারেননি। সে জন্য আমরা সত্যিই ব্যথিত। তাই বিজিএমইএ তাঁদের পাশে দাঁড়িয়েছে, মে ও জুন মাসের বকেয়া বেতন দিয়েছে।
প্রথম আলো: অভিযোগ আছে, দেলোয়ারকে মুক্ত করতেই শ্রমিকদের নিয়ে এমনটা করেছে তোবার কর্তৃপক্ষ। এটি সত্য না মিথ্যা?
রিয়াজ: এটা একটা স্পেশাল কেস। ২০১২ সালের নভেম্বরে তাজরীনের অগ্নিকাণ্ডের পর থেকেই তার ব্যাংকিং সমস্যা শুরু হয়। তা ছাড়া উত্তর বাড্ডার ওই কারখানা শেয়ারড বিল্ডিং। দেড় বছর ধরে ঠিকায় কাজ করছে। মে মাসে কাজ ছিল। তবে সময়মতো তা শেষ না হওয়ায় তারা টাকা পায়নি। তা ছাড়া গত ১১ জুন থেকে কারখানায় উৎপাদন হয়নি। তাই শ্রমিকদের পাওনা বাকি পড়ে।
প্রথম আলো: দেলোয়ারের বিষয়ে বিজিএমইএর অবস্থান কী?
রিয়াজ: বিজিএমইএর পক্ষ থেকে আমি স্পষ্ট বলে রাখতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। দেলোয়ার যদি দোষী হন, তাঁর শাস্তি আদালত দেবেন। আমরা যেটা চাই, এই শ্রমিকদের দায়দায়িত্ব দেলোয়ার সাহেবকে নিতে হবে। সেটা কী—উনি কারখানা বন্ধ করে দেবেন, তাহলে তার দেনা-পাওনা একরকম হবে। আর যদি কারখানা চালান, তবে সঠিকভাবে চালাতে হবে। যাতে করে শ্রমিকেরা প্রতি মাসের নির্ধারিত সময়ে তাঁদের ন্যায্য পাওনা বুঝে পান। আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রয়োজন না থাকে, এতগুলো কারখানার দরকার কী? তার পাঁচ কারখানায় এক হাজার ৪৫৮ জন শ্রমিক। আমার তো মনে হয়, এই শ্রমিক দিয়ে একটি কারখানা করাই যথেষ্ট। আমি জানি না, কীভাবে এবং কেন তিনি এগুলো করেছেন। ভবিষ্যতে অবশ্যই আমরা দেলোয়ারকে নজরদারির মধ্যে রাখব।
প্রথম আলো: শ্রমিকদের আন্দোলন নিয়ে বিজিএমইএ নেতিবাচক প্রশ্ন তোলে কেন?
রিয়াজ: শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বিজিএমইএ সব সময় সমর্থন করে। তবে তোবার শ্রমিকদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত হওয়ায় আন্দোলন অন্যদিকে প্রভাবিত হওয়ার চেষ্টা হয়েছে। সেটি কেন, তা আমাদের বোধগম্য নয়।
(সাক্ষাৎকারগুলো নিয়েছেন আসজাদুল কিবরিয়া ও শুভংকর কর্মকার)