দেশি পেঁয়াজের দাম কেন বাড়ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার নিজের দেশের বাজার ঠিক রাখতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বাড়িয়েছিল। তার প্রভাব পড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজে, বেড়ে গেছে দাম।
কিন্তু দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কেন বাড়ছে? যেখানে দেশি পেঁয়াজের সর্বশেষ ফলন উঠেছে এপ্রিলে। ফলন ভালো হয়েছে, বড় ধরনের মজুতও আছে। কোনো সংকট নেই।
ওপরের প্রশ্নের একটি ভালো উত্তর দিয়েছেন ঢাকার অন্যতম বড় আড়ত শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা। ভাষ্যটি এমন, ‘কোনো কারণে ভারতে দাম বাড়লে আমাদের এখানে ওই হাওয়া চলে আসে। ভারতের পেঁয়াজের দেখাদেখি মজুতদারেরা দেশি পেঁয়াজের দামও বাড়িয়ে দেন। ফলে আমাদের বেশি দামে ওই পেঁয়াজ কিনতে হয়, বেচতেও হয়।’
ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির হাওয়া এতটাই পড়েছে যে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন ৬০-৬৫ টাকায় ঠেকেছে। অথচ গত বুধবারও পেঁয়াজ বিক্রি হয় ৪৫-৫০ টাকায়। বাজারে ভারতীয় পেঁয়াজের কেজিও ৬০-৬৫ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের হিসাবমতে, দেশে এ বছর ১৯ লাখ ৩০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২-২৩ লাখ টন। বাকি পাঁচ লাখ টন পেঁয়াজের চাহিদা পূরণে ভরসা ভারত। 
বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া বাংলাদেশ ট্যারিফ কমিশন সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছিল, দেশে পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে, সরবরাহও ভালো। ভারতীয় পেঁয়াজও প্রচুর আমদানি হয়েছে।
কিন্তু এখন কেন দাম বাড়ছে—জানতে চাইলে ট্যারিফ কমিশনের কর্মকর্তারা বলছেন ভারতের পেঁয়াজের দাম বাড়ছে রপ্তানি মূল্য বাড়ানোর কারণে। তবে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো কারণই নেই। কারণ, এপ্রিলে দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয়। ১৯ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। মে, জুন ও জুলাই—এই তিন মাসে দুই লাখ টন করে এবং রমজােন বাড়তি এক লাখ ধরে মোট সাত লাখ টন পেঁয়াজ ভোগ হয়েছে। এখনো পেঁয়াজের বড় অংশ মজুত আছে।
ভারত গত জুনে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য টনপ্রতি ১৭৫ ডলার বাড়ায়। এখন টনপ্রতি রপ্তানি মূল্য ৪২৫ ডলার। আগে ছিল ২৫০ ডলার। এই খবর ছড়িয়ে পড়লে দেশের মোকামগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যায়। মজুত থাকা পেঁয়াজ সবাই বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে শুরু করে। এখনো তা-ই করছে।
শ্যামবাজারের আড়তমালিকেরা বলছেন, ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর আগে গত জুনে ফরিদপুর, রাজবাড়ী, মেহেরপুরসহ মফস্বলের বিভিন্ন মোকামে মণপ্রতি পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। আর ব্যাপারীরা গতকাল শ্যামবাজারে পেঁয়াজ বিক্রি করেছেন ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। তাই পাইকারি বাজারেও দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। জুনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল ৩২-৩৫ টাকা, এখন তা ৪৫-৪৮ টাকা।
তবে ভারতের পেঁয়াজ যৌক্তিক দামেই বিক্রি হচ্ছে বলে দাবি আমদানিকারকদের। তাঁরা বলছেন, প্রতি কেজি ভারতীয় নাসিক পেঁয়াজের পেছনে খরচ হচ্ছে ৫০ টাকা। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়।
পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চট্টগ্রামেও। গতকাল চট্টগ্রামের খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৫৮-৬০ টাকায়। ঈদের আগে ছিল ৩৮-৪২ টাকা।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে প্রতিদিন গড়ে ১০০ ট্রাকের ওপরে পেঁয়াজ আমদানি হতো। এখন আসছে ৩৫-৪০ ট্রাক। পেঁয়াজ পরিবহনে ট্রাকপ্রতি ভাড়া ৮-১০ হাজার টাকা বেড়েছে।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আবদুল মাবুদ খান প্রথম আলোকে বলেন, পেঁয়াজের বাজার ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল। সেই দেশের সরকার রপ্তানি মূল্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দেশে দাম বাড়তে শুরু করে। আবার প্রবল বর্ষণের কারণে গাড়িভাড়া ৩২-৩৩ হাজার থেকে ৪০-৪২ হাজার টাকায় উন্নীত হয়।
ভারতের পেঁয়াজ দেশের বাজারের বড় নিয়ামক হয়ে ওঠায় আমদানিকারক ও আড়তমালিকেরা চেয়ে আছেন বেঙ্গালুরুর পেঁয়াজের দিকে। এই পেঁয়াজ এরই মধ্যে উঠতে শুরু করেছে। আগস্টের মাঝামাঝি থেকে শেষ নাগাদ পুরোপুরি উঠে যাবে। ওই পেঁয়াজ এলে দেশের বাজারও স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন তাঁরা।