সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনায় আনতে হবে। শুধু রপ্তানিমুখী শিল্পকে গুরুত্ব না দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মাথায় রেখে পণ্য প্রস্তুতকারী শিল্পেও জোর দিতে হবে।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিল নিয়ে খাতভিত্তিক পরামর্শক সভায় এমন মত দিয়েছেন বক্তারা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে গতকাল রোববার সভাটির আয়োজন করে পরিকল্পনা কমিশন।
সভার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে পরিকল্পনা করতে হবে। বিশেষ করে যেসব শিল্পে মূল্য সংযোজন বেশি হয়। যেমন নিট পোশাকে ৭০ থেকে ৮০ শতাংশ মূল্য সংযোজন হয়। তথ্যপ্রযুক্তি খাতে জোর দিতে হবে। এ খাতেও মূল্য সংযোজন বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপির আওতায় সর্বশেষ ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ) ডলারের রপ্তানি হয়েছে। এর আওতায় রপ্তানি খুবই নগণ্য। কিন্তু দেশের প্রেস্টিজ (সম্মান) রক্ষার জন্য আমরা জিএসপির শর্তগুলো পূরণের চেষ্টা করেছি।’
অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, ‘বঙ্গবন্ধুর সময় সবচেয়ে গুরুত্ব পেত পাট। আর এখন কেউ পাটের কথা বলে না। পাটকে আরও গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানের অতিথি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের কারণে সব শিল্প ঢাকা-চট্টগ্রামে গড়ে উঠেছে। অন্য জায়গায় শিল্প হয়নি। এর বড় কারণ জমির অভাব। উত্তরবঙ্গে জমি সহজে পাওয়া যায়। কিন্তু গ্যাস নেই। পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া গেলে উত্তরবঙ্গেও শিল্প হবে।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, আঞ্চলিক যোগাযোগ (কানেকটিভিটি) বড় ধরনের সম্ভাবনার সৃষ্টি করবে। আগামী পাঁচ বছরেই এসব ঘটতে থাকবে। তাই এই যোগাযোগের বিষয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনায় জোর দিতে হবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বেরোনোর পথ কী হবে তার দিকনির্দেশনাও পঞ্চবার্ষিক পরিকল্পনায় থাকতে হবে। এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা রপ্তানিমুখী শিল্পের ওপর জোর দিয়েছি। কিন্তু আমাদের বড় অভ্যন্তরীণ বাজার রয়েছে। এ বাজারের জন্য পণ্য উৎপাদন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, সব ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ না করে কিছু নির্দিষ্ট শিল্পকে সুরক্ষা দিতে হবে। এ জন্য কৌশল ঠিক করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবাহউদ্দিন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রমুখ বক্তব্য দেন।
কারিগরি শিক্ষার জন্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ‘কারিগরি শিক্ষা দেশে অবহেলিত। আমাদের কেউ এমবিএ করলে আমরা বুক ফুলিয়ে বলি। কিন্তু পলিটেকনিকে পড়লে তা ঠিকমতো বলতে চাই না। আলাদা মন্ত্রণালয় কিংবা বিভাগ না করা হলে কারিগরি শিক্ষা পেছনেই পড়ে থাকবে। আমার জোর সুপারিশ হলো আলাদা মন্ত্রণালয় করা না গেলে কারিগরি শিক্ষার জন্য সম্মানজনক একটি অধিদপ্তর করা হোক।’