দেশে ইন্টারনেট ব্যবহারকারী কত?
সরকারি হিসাবে বাংলাদেশের মোট জনসংখ্যার ৩২ শতাংশ বা ৫ কোটি ২২ লাখ মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু জাতিসংঘের দুটি সংস্থা বলছে, বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৬ শতাংশ বা দেড় কোটির কিছু বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
জাতিসংঘের অধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও ইউনেসকো প্রকাশিত ‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় গরমিলের এ তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের সার্বিক অবস্থান ১৬২। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি নেপালও এ তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।
তবে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। যদিও গত বছরের তুলনায় পিছিয়ে গেছে বাংলাদেশ। মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারে ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান যেখানে ছিল ১২৮, ২০১৪ সালে তা হয়েছে ১৪৯। ভারত ও পাকিস্তানের অবস্থান এ ক্ষেত্রে যথাক্রমে ১৫৫ ও ১৫৬।
এই প্রতিবেদন অনুযায়ী, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ২০১৩ সালের চেয়ে ৪ ধাপ এগিয়ে ১৩২ হয়েছে। এই সূচকেও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, নেপাল, মিয়ানমারের তুলনায় এগিয়ে।
সরকার বলছে, বাংলাদেশে থ্রিজি প্রযুক্তি চালুর পর মোবাইলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বের ৫৬টি দেশে এখনো জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করা না হলেও বাংলাদেশে ২০০৯ সালে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বর্তমান ব্রডব্যান্ড নীতিমালাকে আরও যুগোপযোগী করতে এখন এটি সংস্কারের কাজ চলছে।