দেশে ব্যবসা শুরু করা আগের মতোই জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) রাজধানীর একটি হোটেলে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক মধ্যাহ্নভোজ সভায় বক্তব্য দেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) রাজধানীর একটি হোটেলে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক মধ্যাহ্নভোজ সভায় বক্তব্য দেন l ছবি: প্রথম আলো

বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে—সরকারের এমন দাবির সঙ্গে একমত নন ব্যবসায়ীরা। তাঁদের মতে, এ দেশে ব্যবসা শুরু করা এখনো আগের মতোই জটিল। এমনকি ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজটিও সহজ নয়। ব্যবসা করার জটিলতার কারণেই বাংলাদেশে প্রত্যাশিত হারে বিদেশি বিনিয়োগ বাড়ছে না।

এমন মতামত উঠে এসেছে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠানে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক মধ্যাহ্নভোজ সভা উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বুধবার এ আলোচনার আয়োজন করা হয়। অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অ্যামচ্যামের সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম।

আলোচনার সূত্রপাত করে অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগের পরিমাণ ২৩ শতাংশ, এটি প্রত্যাশার চেয়ে অনেক কম।

এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির বলেন, বাংলাদেশে নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ঘন ঘন পরিবর্তন করা হয়। এমনকি ৯-১০ মাসের ব্যবধানেও অনেক নীতিমালার পরিবর্তন হয়। এটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেয়।

আফতাব-উল ইসলাম বলেন, ইতিমধ্যে যেসব বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা নতুন বিনিয়োগ আনার জন্য খুব গুরুত্বপূর্ণ। নানা কারণে সরকারের বিভিন্ন সংস্থা তাদের হয়রানি করে।

আফতাব-উল ইসলাম আরও বলেন, বিদেশি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার বিষয়টি কাগজে-কলমে সহজ, বাস্তবে অনেক কঠিন। বাংলাদেশ থেকে চলে যেতে শেভরনকে এখন খুবই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশে করপোরেট কর হারও যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। ৭২ শতাংশ সাংসদ পেশায় ব্যবসায়ী হলেও বিদেশি বিনিয়োগকারীদের এসব সমস্যা নিয়ে সংসদে কখনো আলোচনা হয় না।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, এখন কর কাঠামো ঠিক করা হয় রাজস্ব আহরণকে মাথায় রেখে, এ চিন্তাধারা পরিবর্তন করা উচিত। তিনি আরও বলেন, বছরে ২০০ কোটি ডলারের এফডিআই বাংলাদেশের অর্থনীতির তুলনায় কিছুই নয়, এটা কমপক্ষে তিন গুণ বেশি হওয়া উচিত।