দেশে সাড়ে ৭ কোটি মানুষ আর্থিক হিসাবের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের ৭ কোটি ৪০ লাখ মানুষের আর্থিক লেনদেনের জন্য কোনো ব্যাংক হিসাব বা অন্য হিসাব নেই। সে হিসাবে দেশের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ আর্থিক লেনদেনের সুবিধা থেকে বঞ্চিত। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ফাইন্ডেক্স ডেটাবেজ ২০১৪’ শীর্ষক জরিপভিত্তিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আর্থিক সেবাবঞ্চিত সাধারণ মানুষের সংখ্যা সারা বিশ্বে কোন পর্যায়ে আছে, সে বিষয়টি এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ২০১১ সাল থেকে বিশ্বব্যাংক এ জরিপভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
এতে বলা হয়েছে, সারা বিশ্বে ব্যাংক হিসাব নেই, এমন লোকের সংখ্যা বর্তমানে ২০০ কোটি। ২০১১ সালে তা ছিল ২৫০ কোটি, অর্থাৎ তিন বছরে আর্থিক হিসাবের বাইরে থাকা লোকের সংখ্যা কমেছে ২০ শতাংশ।
২০১৪ সাল পর্যন্ত আর্থিক লেনদেনের জন্য বিশ্বের প্রাপ্তবয়স্ক মোট জনগোষ্ঠীর ৬২ শতাংশের একটি ব্যাংক হিসাব অথবা কোনো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে হিসাব রয়েছে। এ প্রতিবেদনে সারা বিশ্বের মানুষ কীভাবে টাকা জমায় ও ঋণ নেয়, মূল্য পরিশোধ ও আর্থিক ঝুঁকি মোকাবিলায় কী করে, সে বিষয়গুলোও উঠে এসেছে।
তিন বছরে আর্থিক হিসাব বাড়ার কারণ হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের উত্থান ও প্রযুক্তির উন্নয়নকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী ও দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো আর্থিক সেবার বাইরে আছে। ২০২০ সালের বিশ্বের সব প্রাপ্তবয়স্ক মানুষকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্য পূরণ করতে হলে সরকারি-বেসরকারি খাতকেই এগিয়ে আসতে হবে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে আরও বলা হয়েছে, আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে দেশটির শহর ও গ্রামাঞ্চলের বৈষম্য বেশ প্রকট। এ ক্ষেত্রে বাংলাদেশে জনসংখ্যার অনুপাতের পার্থক্য যেমন রয়েছে, তেমনি আর্থিক সুবিধা পাওয়ার অবকাঠামোর অভাব রয়েছে।
টাকা উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশিরা এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে। বাংলাদেশের ব্যাংক হিসাবধারী ৭৮ শতাংশ মানুষ টাকা তোলার জন্য এটিএম ব্যবহার করেন। দক্ষিণ এশিয়ার সাতটি দেশে গড়ে এ হার ৫৬ শতাংশ। উন্নয়নশীল বিশ্বের সব দেশেই এটিএম ব্যবহার করে টাকা তোলার প্রবণতা গত তিন বছরে বাড়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশে ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন ঋণ পাওয়া আগের চেয়ে কঠিন হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশে ২০১১ সালে নতুন ঋণ ছাড়ের হার ছিল ২৩ শতাংশ, ২০১৪ সালে তা কমে ১০ শতাংশে নেমে এসেছে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে উল্টো চিত্র পাওয়া গেছে। ২০১১ সালে এই অঞ্চলে নতুন ঋণ ছাড়ের হার ছিল ১৯ শতাংশ, ২০১৪ সালে তা বেড়ে ৩১ শতাংশ হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক সেবাবঞ্চিত মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশ বা ১৪৬ কোটি মানুষের বসবাস মাত্র ২৫টি দেশে। ভারত ও চীন—এ দুটি দেশে আর্থিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যা মোট সংখ্যার ৩২ শতাংশ। এর মধ্যে ভারতে বসবাস করে ৪১ কোটি ২০ লাখ, আর চীনে ২৩ কোটি ২০ লাখ। আর্থিক সুবিধাবঞ্চিত শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ তালিকায় অন্যান্য দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, মিসর, নাইজেরিয়া ও মেক্সিকো।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, শুধু ব্যাংক হিসাবের দিক দিয়ে চিন্তা করলে বিশ্বব্যাংকের এ হিসাব ঠিক। তবে ক্ষুদ্রঋণ, মোবাইল ব্যাংকিংয়ের মতো বিষয়গুলো বিবেচনায় নিলে আর্থিক সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা এত বেশি হবে বলে মনে হয় না।
আরও বেশি জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার করণীয় সম্পর্কে হোসেন জিল্লুর বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের ১০ টাকার ব্যাংক হিসাব খোলার উদ্যোগটি ইতিবাচক। কিন্তু এসব ব্যাংক হিসাবের কত শতাংশ এখন কার্যকর আছে, সেটি নিয়ে গবেষণা হওয়া দরকার।
বাংলাদেশে কত লোক ব্যাংক হিসাব বা আর্থিক সেবার আওতায় আছেন, সে সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান বলেন, কত লোকের ব্যাংক হিসাব আছে, সেটা চট করে বলা সম্ভব নয়। দেশের ৫৬টি ব্যাংকের কাছে তথ্য-উপাত্ত নিয়ে বিশ্লেষণ করে তা বলতে হবে। জনগণের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি।