দেশের অর্থনীতিতে আলোচিত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরটি বাংলাদেশের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য বছর ছিল। সাইবার হ্যাকিংয়ের বিষয় নতুন না হলেও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশ তথা সাড়া বিশ্বকেই নাড়িয়ে দেয়। নতুন করে ব্যাংকিং খাতের নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে আসে। এ ছাড়া চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশে আগমন। কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের চূড়ান্ত চুক্তি সই। সবকিছু মিলিয়ে ঘটনাবহুলই বলা চলে বিদায়ী বছরটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা। ছবি: প্রথম আলো
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা। ছবি: প্রথম আলো

৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চূড়ান্ত ঋণচুক্তি সই

চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় স্থাপিত হতে যাওয়া দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এ প্রকল্পের দুটি ইউনিটের মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ২০২৫ সালের মধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

ঢাকায় ১৭ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: প্রথম আলো, (১৮ অক্টোবর)
ঢাকায় ১৭ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: প্রথম আলো, (১৮ অক্টোবর)

৪. বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
১৬ অক্টোবর তিন দিনের সফরে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসেন। তাঁর সফরের মধ্য দিয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবসটি ঢাকায় পালন করে বিশ্বব্যাংক। মূলত পদ্মা সেতুকে ঘিরে তিক্ততা সরিয়ে রেখে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। দারিদ্র্যবিমোচনে বাংলাদেশে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন কিম। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দেয় বিশ্বব্যাংক। এ ছাড়া শিশুদের অপুষ্টি দূর করতে বর্তমানের তুলনায় ১০০ কোটি ডলার বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি।

রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে জানায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রথম আলো
রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে জানায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রথম আলো

৩. রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণে চুক্তি সই
বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই হয় গত ১৩ জুলাই। এর মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর্যায় শুরু হয়। এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে মোট ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের মধ্যে এই কেন্দ্র থেকে উৎপাদন শুরুর আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ চুক্তি বাতিলের দাবি জানায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন স্তরের মানুষ। ৫৩টি পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির পক্ষ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী পদক্ষেপ নেওয়া হয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফর নিয়ে রাজধানীতে টাঙানো হয় তাঁর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: প্রথম আলো। (১৪ অক্টোবর)।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফর নিয়ে রাজধানীতে টাঙানো হয় তাঁর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছবি: প্রথম আলো। (১৪ অক্টোবর)।

২. চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর
গত ১৪ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এই সফরে বন্ধুত্বকে এগিয়ে নিতে দুই দেশ ২০১৭ সালকে ‘বিনিময় ও বন্ধুত্বের’ বছর হিসেবে অভিহিত করেছে। এই সফরের মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সম্পর্ক আটকে না রেখে সেটিকে কৌশলগত পর্যায়ে নেওয়ার দিক উন্মোচন করে ঢাকা ও বেইজিং। দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য খাতে চুক্তি হয়। ছয় প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আতিউর রহমান। ছবি: আশরাফুল আলম (১৫ মার্চ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আতিউর রহমান। ছবি: আশরাফুল আলম (১৫ মার্চ)।

১. রিজার্ভের অর্থ চুরি
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এর জন্য আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটকে ব্যবহার করে তারা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাব দিয়ে চলে যায় দেশটির ক্যাসিনোতে (জুয়া খেলার স্থান)। এ ঘটনা প্রথম প্রকাশিত হয় ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারারে। এরপর ১৫ মার্চ সরে যেতে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে। নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পান মো. ফজলে কবির।