
দেশের ধনী-গরিবের আয়বৈষম্য এখন প্রবল। দেশের মানুষের মোট আয়ের ৪৬ দশমিক ২ শতাংশ বা প্রায় অর্ধেকই চলে যায় মাত্র ১০ শতাংশ ধনীর পকেটে। আর আয় ও জীবনযাত্রার মানের নিচের দিকে থাকা ৪০ শতাংশ গরিবের পকেটে যায় ১৩ শতাংশের মতো।
সুযোগ-সুবিধার দিক থেকে সমাজের ওপরের দিকে থাকা ১০ শতাংশ ধনীর বার্ষিক মাথাপিছু আয় ৪ হাজার ৯৬২ ডলার বা প্রায় ৫ হাজার ডলার। টাকার অঙ্কে যা ৩ লাখ ৯৬ হাজার ৯৬০ টাকা। এই আয় ৪০ শতাংশ গরিবের মাথাপিছু বার্ষিক আয়ের প্রায় ১৪ গুণ। জীবনযাত্রার মানে পিছিয়ে থাকা বিশাল গরিব জনগোষ্ঠীর বার্ষিক মাথাপিছু আয় মাত্র ৩৫৯ ডলার (টাকার অঙ্কে ৪৪ হাজার ৪০০)।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘রাজনীতি, সুশাসন এবং মধ্যম আয়ের আকাঙ্ক্ষা: বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ধনী-গরিবের আয়বৈষম্যের এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ধনী-গরিবের মাথাপিছু আয়ের যে হিসাব তা কোনো ব্যক্তির নিজস্ব আয় নয়। সবার আয় যোগ করে মাথাপিছু ভাগ করে দেখানো হয়েছে। সে ক্ষেত্রে ধনী ১০ শতাংশের মধ্যে আয় করেন না এমন নারী-পুরুষ, শিশুও রয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সারা দেশের ১ হাজার ৫০০ পরিবারের ওপর জরিপ করে এ প্রতিবেদন তৈরি করেছে পিপিআরসি। তাতে ঢাকা শহরের পাশাপাশি ১৭টি পৌরসভা ও ৩৩টি গ্রাম থেকে এসব পরিবার বাছাই করা হয়েছে।
এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৫-১৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ ডলার।
পিপিআরসির গবেষণায় আরও বলা হয়েছে, মাথাপিছু আয়ে সবচেয়ে বেশি বৈষম্য ঢাকা শহরে। ঢাকার ১০ শতাংশ ধনীর মাথাপিছু আয় ১২ হাজার ডলারের কাছাকাছি। এ আয় ঢাকায় বসবাসকারী ৪০ শতাংশ গরিব মানুষের মাথাপিছু আয়ের ২১ গুণের বেশি। ঢাকার গরিব মানুষের মাথাপিছু আয় মাত্র ৫৫৫ ডলার। আর ধনী-গরিবের মাঝামাঝি অবস্থানে থাকা ৫০ শতাংশ মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৪৩৬ ডলার।
গবেষণা প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, মূলত দুটি কারণে এ ধরনের আয়বৈষম্য বাড়ছে। প্রথমত, বর্তমানে যে ধরনের উন্নয়ন মডেল বিদ্যমান, তাতে অর্থবহ কর্মসংস্থান বৃদ্ধি করা যাচ্ছে না। মানসম্পন্ন শিক্ষায় বৈষম্য থাকায় ভালো কাজের সুযোগ কম। ফলে ভালো কাজগুলো পাচ্ছেন বিদেশিরা। দ্বিতীয়ত, নিচের দিকের গরিব ৪০ শতাংশ মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা দিয়ে চরম দারিদ্র্য থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না।
পিপিআরসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর একটি পরিবার প্রতি মাসে গড়ে ৫৫ হাজার ৮৬ টাকা আয় করে। অন্যদিকে গ্রামের একটি পরিবারের গড় আয় ১৮ হাজার ৩৪৯ টাকা। এ ছাড়া দেশের শহরাঞ্চলের একটি পরিবারের আয় ২৪ হাজার ৩১ টাকা।
আয়ের বিপরীতে পরিবারগুলো কোন কোন খাতে অর্থ খরচ করে, তারও একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, রাজধানীর একটি পরিবারকে আয়ের ২০ শতাংশ বা ১১ হাজার ৬৬ টাকা খাবারের পেছনে খরচ করতে হয়। অন্যদিকে গ্রামের একটি পরিবারকে আয়ের ৪০ শতাংশের বেশি বা ৭ হাজার ৬৩৪ টাকা খরচ করতে হয় এ খাতে। রাজধানীর বাইরে দেশের শহরাঞ্চলের পরিবারগুলো খাবারের পেছনে গড়ে ৪১ শতাংশ বা ৯ হাজার ৬৯০ টাকা খরচ করে।
খাবারের পর বাড়িভাড়ার পেছনে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৪৫ টাকা খরচ করতে হয় রাজধানীর একটি পরিবারকে। অন্যদিকে দেশের অন্য শহর বা গ্রামে এ খাতে খরচ অত্যন্ত কম। বাড়িভাড়ার পেছনে অন্য শহরে গড়ে সাড়ে ৪৫০ টাকা এবং গ্রামে ৪০১ টাকা খরচ হয়। এদিকে রাজধানীর পরিবারকে গৃহকর্মী, গাড়ি চালক কিংবা নিরাপত্তাকর্মীর পেছনে মাসে ৫ হাজার ৩৮৮ টাকা খরচ করতে হয়। গ্রামে এ খরচ মাত্র ৪০ টাকা।
মাথাপিছু গড় আয়
* সবচেয়ে ধনী ১০ শতাংশ ৪৯৬২ ডলার
* সবচেয়ে গরিব ৪০ শতাংশ ৩৫৯ ডলার
* মাঝামাঝি ৪০ শতাংশ ৮৬৭ ডলার
* রাজধানীর ধনী ১০ শতাংশ ১১৭৯১ ডলার