
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এলেও জানুয়ারি থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা প্রবৃদ্ধির গতিকে আটকে দিয়েছে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এডিবি বলেছে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। আর ২০১৫-১৬ অর্থবছরের জন্য এ প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হওয়ারও পূর্বাভাস রয়েছে এ প্রতিবেদনে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না মনে করে সংস্থাটি।
তারা বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বাংলাদেশ বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে এসব সংস্কার কার্যক্রমের সাফল্য রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করবে। অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ প্রবৃদ্ধির ইতিবাচক ধারায় থাকবে।
এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে, তা নিয়ে প্রতিবছরের এপ্রিলে এ প্রতিবেদন প্রকাশ করে এডিবি। এডিবির নিজস্ব ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার চলতি বছরের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশকে নিয়ে পৃথক একটি অধ্যায় রয়েছে। বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গত দুই বছরে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তাতে এর জন্য রাজনৈতিক অস্থিরতা, ভূমির অতিরিক্ত দাম ও অবকাঠামো সংকটকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে এডিবি পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী অর্থবছরে তা কমে ৬ দশমিক ২ শতাংশে নামতে পারে। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি কমছে বলে সংস্থাটির ধারণা। আবার রাজনৈতিক অস্থিরতার পরও চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ৬ শতাংশ হতে পারে।
সংস্থাটি বলেছে, বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রাথমিক খরচ অনেক বেশি। নতুন বেসরকারি ও বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে এ অবস্থা সহায়ক নয়। বিনিয়োগ আকর্ষণ সক্ষমতাবিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন উদ্ধৃত করে এডিবি বলেছে, ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯, যেখানে ভারতের অবস্থান ৩৬। এ ক্ষেত্রে করকাঠামো সংস্কার, ঋণ পাওয়ার জটিলতা দূর করা, সম্পত্তির নিবন্ধন প্রক্রিয়া সহজ করা উচিত হবে। কোনো বিনিয়োগ চুক্তি বাস্তবায়নে ৪১টি ধাপে ১ হাজার ৪৪২ দিনের প্রয়োজন হয়। এসব দীর্ঘসূত্রতা দূর করার পদক্ষেপ নিতেও প্রতিবেদনে পরামর্শ এসেছে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানিকে। বিদ্যুৎ ঘাটতির ফলে আর্থিক ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক শূন্য ৫ শতাংশ। বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে আনার কথাও এতে বলা হয়েছে।
বাংলাদেশে ভূমিস্বল্পতা এবং ভূমি নিবন্ধন প্রক্রিয়াকে জটিল ও ব্যয়বহুল আখ্যায়িত করে সংস্কারের পদক্ষেপ নিতে বলেছে এডিবি। ভূমি নিবন্ধন প্রক্রিয়ার জটিলতায় বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৪। এখানে ভূমি নিবন্ধনে আটটি ধাপে সময় লাগে ২৪৪ দিন। যেকারণে ভূমির মোট দামের ৭ দশমিক ২ শতাংশ খরচ হয়ে যায়।
বিনিয়োগ আকর্ষণে শক্তিশালী অর্থব্যবস্থার গুরুত্ব উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকগুলো বড় প্রকল্পে অর্থায়ন করার ক্ষমতা হারাচ্ছে।
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মেট্রোরেল প্রকল্প, পদ্মা সেতু, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নসহ আরও কয়েকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরও বাংলাদেশ সরকার পণ্যটির দাম কমাবে না বলে মনে করে এডিবি। এ ক্ষেত্রে সরকার জ্বালানি তেলের জন্য আগের দেওয়া ভর্তুকি কমিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে চলতি ও আগামী দুই অর্থবছরে এশিয়ার দেশগুলোতে গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ে ভারতের প্রবৃদ্ধি (৮.২%) চীনকে (৭%) ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে।