দেশের ৩৭ হিসাব বন্ধ করেছে বিদেশি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক লেনদেনের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংকে হিসাব খুলতে হয়। এর মাধ্যমেই আমদানি-রপ্তানিসহ বিদেশি সব কার্যক্রম সম্পন্ন হয়। ২০১৫ সালে বাংলাদেশের ব্যাংকগুলোর ৩৭ হিসাব বন্ধ করে দিয়েছে বিদেশি ব্যাংকগুলো।
এর মধ্যে এইচএসবিসি বন্ধ করেছে ১১টি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ৫টি ও ব্যাংক অব নোভা স্কশিয়া ৬ হিসাব। এসব বন্ধের অন্যতম কারণ ছিল হিসাবগুলো মুনাফায় না থাকা। হিসাব বন্ধের ফলে আন্তর্জাতিক যোগাযোগে সমস্যায় পড়ছে ব্যাংকগুলো।
আবার ২০১৫ সালে সব মিলিয়ে বিশ্বের বড় ব্যাংকগুলো ৫৪ শতাংশ এমন হিসাব বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশই বন্ধ হয়েছে সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের ঘটনায়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘চ্যালেঞ্জেস অব করেসপনডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ ফর ব্যাংকস অব বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব এ গবেষণার নেতৃত্ব দেন। গবেষণা প্রতিবেদনের ওপর গতকাল এক কর্মশালার আয়োজন করে বিআইবিএম। প্রতিষ্ঠানটির মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, ইস্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ সালেহিন ও জার্মানির কমার্জ ব্যাংক এজির প্রধান প্রতিনিধি তৌফিক আলী।
বাংলাদেশের ব্যাংকগুলো বিদেশি কোনো ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব খুললে তাকে নস্ট্রো হিসাব বলা হয়। যে ব্যাংকে এ হিসাব খোলা হবে, ওই ব্যাংকের কাছে তা ভস্ট্রো হিসাব হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বড় আন্তর্জাতিক ব্যাংকগুলোর ৫৪ শতাংশ নস্ট্রো হিসাব কমেছে। আর নতুন হিসাব বেড়েছে ২ শতাংশ। এ সময়ে বড় আন্তর্জাতিক ব্যাংকগুলোর ৭৫ শতাংশ ভস্ট্রো হিসাব কমেছে, বেড়েছে ৫ শতাংশ। আঞ্চলিক ব্যাংকগুলোর ৬০ শতাংশ হিসাব এ সময়ে কমেছে, বেড়েছে ১৬ শতাংশ। বড় আন্তর্জাতিক ব্যাংকগুলোর মতে, সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের কারণে হিসাব বন্ধ হচ্ছে। তবে আঞ্চলিক ব্যাংকগুলো বলছে, মুনাফা করতে না পেরে হিসাব বন্ধ হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোর ১ হাজার ২০১টি নস্ট্রো হিসাব ও ১৭১টি ভস্ট্রো হিসাব আছে। নস্ট্রো হিসাবগুলোর মধ্যে ৭৬ শতাংশ ও ভস্ট্রো হিসাবের ৭১ শতাংশ বেসরকারি ব্যাংকের। পাশাপাশি দেশের ব্যাংকগুলোর ২৮৪টি এক্সচেঞ্জ হাউস রয়েছে বিভিন্ন দেশে।
বিশ্বমন্দার পর আন্তর্জাতিক ব্যাংকগুলো নিবিড় তদারকি শুরু করেছে। ফলে ২০১৩-১৫ সালে দেশের ৬০ শতাংশ ব্যাংক নস্ট্রো হিসাব বন্ধের মুখোমুখি হয়েছে। ২০১৫ সালে সরকারি খাতের ৬৩ শতাংশ ব্যাংক হিসাব বন্ধের মুখোমুখি হয়েছে। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, বিলম্বে বিল পরিশোধ, গণমাধ্যমের বিরূপ খবর এসব হিসাব বন্ধের অন্যতম কারণ।
বেসরকারি খাতের নতুন ৯ ব্যাংক প্রথম ২ বছরে কোনো হিসাব খুলতে পারেনি। ফলে তারা বৈদেশিক বাণিজ্যসহ কোনো বিদেশি লেনদেন করতে পারেনি। তবে এখন ৯ ব্যাংকের ১০২টি হিসাব রয়েছে। নতুন ব্যাংকগুলোর প্রতিটির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কমপক্ষে একটি করে হিসাব রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিসাব বন্ধের ফলে আন্তর্জাতিক যোগাযোগ, ক্লিয়ারিং ও নিষ্পত্তি, বৈদেশিক ব্যবসা, চেক ক্লিয়ারিংয়ে অর্থ স্থানান্তরে সমস্যা তৈরি হচ্ছে।