দেড় কোটি ব্যাংক হিসাবে জমা ১৪০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অন্তর্ভুক্তির আওতায় দেশের ব্যাংকগুলোতে প্রায় ১ কোটি ৬৮ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে জমা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা, যার বড় অংশই কৃষকদের। এরপরই রয়েছে মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন ভাতাভোগী ও তৈরি পোশাকশ্রমিক।
এ ছাড়া স্কুল ব্যাংকিং কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক হিসাবে ১ হাজার ২০ কোটি টাকা জমা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর ভিত্তিক সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ২০১০ সালের পর থেকে প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা বিভিন্ন পেশা ও জনগোষ্ঠীর হিসাব খোলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় ব্যাংকগুলো কৃষক, মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্নতা শ্রমিক, প্রতিবন্ধী, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের জন্য হিসাব খোলার সুযোগ দেয়। এসব হিসাবে নিজেরা টাকা জমা দেওয়ার পাশাপাশি সরকারি ভাতা ও প্রবাসী আয়ের অর্থও আসছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এসব হিসাবে জমা হওয়া অর্থের মধ্যে ৭৩৩ কোটি টাকা সরকারি ভর্তুকি ও বেতনের, ১৪৭ কোটি টাকা পুনঃ অর্থায়ন ঋণের ও ৬৭ কোটি টাকা প্রবাসীদের পাঠানো অর্থ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কৃষকদের নামে খোলা প্রায় ৯০ লাখ ৪৪ হাজার ব্যাংক হিসাবে ২২৩ কোটি ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রায় ২২ লাখ ১২ হাজার হিসাবে ২৭৫ কোটি টাকা জমা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নামে খোলা প্রায় ২ লাখ ১৯ হাজার হিসাবে ২১১ কোটি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৪৩ লাখ ভাতাভোগীর হিসাবে ৩৬০ কোটি টাকা, খাদ্য ও জীবিকা নিরাপত্তা কর্মসূচির প্রায় ১ লাখ ৬৭ হাজার হিসাবে ৬২ কোটি টাকা জমা হয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির আওতায় খোলা পোশাকশ্রমিকদের প্রায় ২ লাখ ৯৪ হাজার ব্যাংক হিসাবে গত ডিসেম্বর শেষে জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে শতকোটি টাকা, আর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় প্রায় ৩২ হাজার ব্যাংক হিসাবে ১০১ কোটি ও প্রতিবন্ধীদের নামে খোলা প্রায় দেড় লাখ ব্যাংক হিসাবে জমার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।
এদিকে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবায় পরিচিতি ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ২০১০ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। গত ডিসেম্বর পর্যন্ত খোলা শিক্ষার্থীদের প্রায় ১২ লাখ ৫৭ হাজার ব্যাংক হিসাবে জমা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘দেশের সব মানুষকে ব্যাংকিং সেবায় আনতেই আমরা উদ্যোগ নিয়েছিলাম। ব্যাংকগুলো এতে সর্বাত্মক সাড়া দিয়েছে। অনেকের সঞ্চয়ের অভ্যাসও গড়ে উঠেছে। ফলে এসব হিসাবে ভালো অঙ্কের অর্থ জমাও থাকছে।’