বিশ্বে অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন রাজনৈতিক ক্ষমতারও পরিবর্তন আনবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
আইসিসিবি বলেছে, ওয়াশিংটনের আপত্তি সত্ত্বেও শেষ মুহূর্তে চীনের প্রস্তাবিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (আইআইবি) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের আগ্রহ দেখিয়েছে পশ্চিমা দেশগুলো। চীন দুই বছরে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, চার হাজার কোটি ডলারের নিউ সিল্ক রোড তহবিল এবং ১০ হাজার কোটি ডলারের লিকুইডিটি রিজার্ভ প্রতিষ্ঠা করেছে। চীনের সর্বশেষ সংযোজন হচ্ছে, বাংলাদেশের জ্বালানি খাতে দুই হাজার কোটি ও পাকিস্তানের অবকাঠামো খাতে ৪ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) আলাপ-আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা কিনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। যুক্তরাষ্ট্র, জাপানসহ ১০টি দেশ আছে টিপিপিতে। বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশই এসব দেশের দখলে রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের টিপিপি অনুমোদনের পক্ষে মত দেওয়ার মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক কতৃর্ত্বকে বাধা দেওয়া। এই পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ও বড় চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে করে আইসিসিবি।
সংগঠনটি বলেছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রীয় জলসীমার মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে। এই অঞ্চলে উভয় দেশেরই রয়েছে বিভিন্ন সেনা, নৌ ও বিমানবাহিনীর উপস্থিতি। এ দুটি বৃহৎ দেশের কৌশলগত ও অর্থনৈতিক বিভাজন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই প্রথম প্রদর্শিত হবে বলে অনুমান করা হয়। কৌশলগতভাবে বিশ্বে অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সতর্কতা ও চতুরতার সঙ্গে প্রতিযোগিতা করবে।
সাবেক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কেভিন রুডকে উদ্ধৃত করে আইসিসিবি বলছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আন্তর্জাতিক নিয়মনীতি এবং প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শ্রেষ্ঠত্ব ও রাজনৈতিক ভূমিকাকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ইউরোপে ভিন্ন আঙ্গিকে নিয়ে যাবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। এ প্রক্রিয়ার ফলে ভৌগোলিক, রাজনৈতিক, বিশ্ববাণিজ্য, বিনিয়োগ, মূলধন প্রবাহ, সঞ্চয়, জলবায়ু এবং অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জ ও বিশ্বব্যাপী মানুষের চলাচলের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে, পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী চীনের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ইতিমধ্যেই অতিক্রম করেছে। আইএমএফের হিসাব অনুযায়ী চীনের জিডিপি এখন ১৭ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি ১৭ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। অথচ চীনের অর্থনীতি ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের ১০ ভাগের এক ভাগ ছিল।