
গত অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ—এ বছর রপ্তানি ও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি কম। চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭ প্রকাশ করেছে এডিবি। প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এডিবি মনে করে, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি বাড়াবে। তবে এডিবি আশার কথাও শুনিয়েছে। এডিবি মনে করে, বাংলাদেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা আছে। রপ্তানি ও প্রবাসী আয়ের মতো বহির্বিশ্বের বিষয়গুলোতে নেতিবাচক প্রবণতা থাকলেও অভ্যন্তরীণ চাহিদা থাকায় অর্থনীতির গতি অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ চাহিদার সক্ষমতা অর্থনীতির নতুন ধরন।
প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা।
এডিবি মনে করে, উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। কেননা, কৃষিশ্রমিকের মজুরি কম হওয়ায় তাঁরা উৎপাদন ও সেবা খাতের দিকে ঝুঁকছেন। এ জন্য দুটি নীতি গ্রহণের সুপারিশ করেছে এডিবি। প্রথমটি হলো, উৎপাদন খাতনির্ভর প্রবৃদ্ধি অর্জন; দ্বিতীয়ত, পল্লি এলাকার উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য দূর করা। উৎপাদন খাতে কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ আনতে প্রয়োজন। ব্যবসা করার পরিবেশ সহজ করতে হবে।
জয়তসানা ভার্মা বলেন, ‘বাংলাদেশে ৬ দশমিক ৯ শতাংশের মতো উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে—আউটলুক থেকে এই বার্তাটিই দিতে চাই। অর্থনীতি বেশ ভালো করছে। অভ্যন্তরীণ চাহিদা ক্রমেই বাড়ছে, যা প্রবৃদ্ধি টেকসই করছে।’
আউটলুকে আরও বলা হয়েছে, আগামী অর্থবছরেও (২০১৭-১৮) ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে। এডিবি মনে করে, এই প্রবৃদ্ধি অর্জিত হবে তখনই, যখন রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকবে; যা ভোক্তা চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে; আবার বেসরকারি খাতে ঋণপ্রবাহ ঠিক রাখবে।
পূর্বাভাস দিয়ে এডিবি বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ১ শতাংশ হবে। নতুন মূসক আইন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি আরও বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ হবে। এডিবি আরও বলছে, চলতি ও আগামী অর্থবছরে শিল্প খাত চাঙা থাকলেও সেবা খাত শ্লথ থাকবে। এ বছর রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ শতাংশ হবে। তবে আগামী অর্থবছরে এ খাতে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। চলতি অর্থবছর তো বটেই; আগামী অর্থবছরেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি কমবে। এ বছর প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে তা ৪ শতাংশে নেমে আসবে।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের প্রশংসা করে এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি বলেন, এক দশক ধরে বাংলাদেশ বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা ধরে রাখতে হবে।
এ প্রশ্নের জবাবে এডিবি ঢাকা কার্যালয়ের পরামর্শক জাহিদ হোসেন বলেন, প্রবাসী আয় ও রপ্তানি কমে গেলেও ভালো প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের জন্য সমস্যা হবে না। কেননা, এ দেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ চাহিদা আছে। এটি অর্থনীতির সক্ষমতা, যা টেকসই প্রবৃদ্ধির একটি ধরন তৈরি করেছে। তাঁর মতে, রপ্তানি ও প্রবাসী আয়—এই দুটি বিষয় নির্ভর করে বহির্বিশ্বের পরিস্থিতির ওপর। এখানে বাংলাদেশের করার কিছুই নেই। অভ্যন্তরীণ চাহিদাই প্রবৃদ্ধির টেকসই চালিকাশক্তি।