নববর্ষ ভাতা দিতে সরকারের খরচ ৭০০ কোটি টাকা
বাংলা নববর্ষ ভাতায় উজ্জীবিত ২১ লাখ সরকারি কর্মচারী। দ্বিতীয়বারের মতো এ ভাতা পেয়েছেন তাঁরা। চলতি মাসের শুরুতেই ভাতা পেয়ে গেছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর নববর্ষ ভাতা দিতে সরকারের খরচ হয়েছে ৭০০ কোটি টাকা।
সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হয় ২০১৫ সালের ডিসেম্বরে। একই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তাঁদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে বেতন কার্যকর করা হলেও সব ধরনের ভাতা কার্যকর করা হয় ২০১৬ সালের জুলাই থেকে। তবে তার আগেই গত বছরের এপ্রিলে দেওয়া হয় প্রথমবারের মতো বাংলা নববর্ষ ভাতা। এরই ধারাবাহিকতায় এবার তাঁরা দ্বিতীয়বার এ ভাতা পেলেন।
মূল বেতন ৭৮ হাজার টাকা হিসাবে বিদ্যমান কাঠামোর সর্বোচ্চ ধাপে থাকা সচিবদের নববর্ষ ভাতা ১৫ হাজার ৬০০ টাকা। আর সর্বনিম্ন ধাপের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা হিসাবে ভাতা ১ হাজার ৬৫০ টাকা।
সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি ও বিশেষায়িত সব ব্যাংক, বেসরকারি খাতের কিছু ব্যাংক এবং কিছু করপোরেট প্রতিষ্ঠানও নববর্ষ ভাতা দিয়ে আসছে।