নভেম্বর মূল্যস্ফীতি কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কিছুটা কমে ছয় দশমিক ০৫ শতাংশ হয়েছে। গত অক্টোবর মাসে এ হার ছিল ছয় দশমিক ১৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে। আজ বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।

বিবিএসের তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। অক্টোবর মাসে এ হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি নভেম্বর মাসে হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ। অক্টোবর মাসে এ হার ৬ দশমিক ৬৭ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেশি, দামও কম। তাই মূল্যস্ফীতি কমছে। শীতের সময়ে যদি অস্বাভাবিক কিছু না ঘটে, পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত না হয়; তবে মূল্যস্ফীতি সব সময়ে কম থাকে।

বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, আগের মাসে চেয়ে কমলেও গত নভেম্বর মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। গত নভেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৬১ শতাংশ।