এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা
নয় মাসে রাজস্ব ঘাটতি ৪,৫০০ কোটি টাকা
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। এ সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর মিলে ৯২ হাজার ৮০৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যদিও চলতি অর্থবছরের তিন প্রান্তিকে এসব খাত থেকে ৯৭ হাজার ৩০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল।
গত জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায়ে টান পড়ে। প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দুই হাজার কোটি টাকার মতো ঘাটতি ছিল। পরের তিন মাসে এ ঘাটতি দ্বিগুণের বেশি হয়েছে।
চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। সম্প্রতি এ লক্ষ্য সংশোধন করে ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকায় নামিয়ে আনা হয়। সংশোধিত লক্ষ্য অর্জন নিয়েও শঙ্কা রয়েছে বলে মনে করেন অনেক রাজস্ব কর্মকর্তা।
তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ৭৯ হাজার ৪৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।
আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বহির্বাণিজ্য পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ২৭ হাজার ৫৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছিল ২৩ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১৬ শতাংশ।
আমদানি পর্যায়ে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি শুল্ক আদায় হয়েছে ১২ হাজার ৬০৩ কোটি টাকা। এ ছাড়া একই সময়ে সম্পূরক শুল্ক ৩ হাজার ৬৯৯ কোটি টাকা আদায় হয়েছে।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও লেনদেন কর আদায় করা হয়। জুলাই-মার্চ সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৫ হাজার ১১৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে পাঁচ হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে। চলতি অর্থবছরের আলোচ্য সময়ে এ খাতে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৬৭ শতাংশ।
জুলাই-মার্চ সময়ে আয়কর, ভ্রমণ করসহ প্রত্যক্ষ কর আদায় হয়েছে ৩০ হাজার ৬৩৬ কোটি টাকা। এর মধ্যে আয়কর ৩০ হাজার ১৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায় বেড়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। গত বছর একই সময়ে ২৫ হাজার ৭৪৮ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল।