নিয়ন্ত্রণমূলক বিভিন্ন আইনের কারণে বাংলাদেশের নারীদের অর্থনৈতিক অগ্রগতি কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। বিশ্বব্যাংকের ‘নারী, ব্যবসায় ও আইন ২০১৬—সমতায় আসা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম খাতে নারীদের অংশগ্রহণ যদি পুরুষদের তুলনায় ৮২ শতাংশ হয়, তাহলে তা বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বছরে ১ দশমিক ৮০ শতাংশ মান বাড়াবে। শ্রমক্ষেত্রে নারীর এ অংশগ্রহণ বাড়ানো সম্ভব হলে বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জোর দেওয়ার পাশাপাশি শিশুস্বাস্থ্য, যোগাযোগ ও নারীর কর্মক্ষেত্রে প্রবেশের বাধাবিপত্তি দূর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নারী-পুরুষের বৈষম্যের কারণে উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়া ও শ্রমক্ষেত্রে অংশগ্রহণে নারীরা পিছিয়ে পড়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে সার্বিক আয় ১৯ শতাংশ কমে যাচ্ছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭ কোটি ৮০ লাখ নারী। বর্তমানে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ৬০ শতাংশ।
বিধবা নারীদের সম্পত্তি লাভের অধিকার নিশ্চিতেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পিছিয়ে থাকার বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে বাংলাদেশে নারীদের ওপর বাধানিষেধ আরোপ করা হয় বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
আইনসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকলেও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের বোর্ডে নারীদের জন্য কোটা সংরক্ষণের ব্যবস্থা বাংলাদেশে নেই। এর ফলে বাংলাদেশের করপোরেট খাতে নারীদের অংশগ্রহণ খুবই কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কর্মজীবী অন্তঃসত্ত্বা নারীদের চাকরিচ্যুত করা হলেও তা বন্ধে বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যমূলক আইন আছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থাও এ ক্ষেত্রে খুব ভালো নয়।
নারী-পুরুষের সমতা নিশ্চিতে বিভিন্ন সংস্কার কার্যক্রমের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলো সবচেয়ে কম উন্নতি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে আফগানিস্তান ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।