নিজে কর না দিয়ে অন্যের ওপর দোষ চাপানো ঠিক নয়

প্রথম আলো : দেশের সেরা করদাতা হওয়ায় কেমন লাগছে?
আবদুল কাদির মোল্লা: কোনো মানুষ যখন কাজের ভালো স্বীকৃতি পান, তখন ভালো লাগে। স্বাভাবিকভাবে আমারও ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো, সর্বোচ্চ করদাতা হওয়ার আগে নিজের ব্যবসাবাণিজ্যে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সম্মাননা পাওয়ার পর এখন সেই কষ্ট আর আনন্দ একাকার হয়ে গেছে। আমি ২৬ বছর ধরে কর দিচ্ছি। ভাবতে ভালো লাগে, জাতির জন্য কিছু করতে পারছি। এ ধরনের সম্মাননা পাওয়ার পর দেশের জন্য আরও কিছু করার উৎসাহ বেড়েছে। দেশ ও জনগণকে ভালো রাখাই রাষ্ট্রের কাজ। সামর্থ্যবান নাগরিক হিসেবে আয়ের কিছুটা অংশ সরকারকে দেওয়া উচিত। আর সেই টাকা জনগণের উন্নয়নে ব্যয় করে সরকার। তাই সামর্থ্যবানদের কর দেওয়া নৈতিক দায়িত্ব। উপার্জনের অর্থ শুধু নিজের নয়, সমাজ ও জাতির কল্যাণের জন্য। তাই নিজের উপার্জিত অর্থ কুক্ষিগত করা কিংবা এককভাবে ভোগ করার বিষয় নয়।
প্রথম আলো: দেশে বড়লোকদের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। এ বিষয়টি আপনি কীভাবে দেখেন?
কাদির মোল্লা: এ বিষয়টি আমি দেখি দুভাবে। প্রথমত, কোনো মানুষ যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, দেশের প্রতি ন্যূনতম মমত্ববোধ থাকে, তাহলে ওই ব্যক্তির কর দেওয়া নৈতিক দায়িত্ব। দ্বিতীয়ত, পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে, তাদের ওপর ঋণের বোঝা কমাতে কর দেওয়া উচিত। করযোগ্য ব্যক্তিরা যদি কর দেন, তাহলে রাষ্ট্রের খরচ করার সামর্থ্য বাড়বে। বিদেশ থেকে আর ঋণ নিতে হবে না। আমি মনে করি, জনগণই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
প্রথম আলো: অভিযোগ রয়েছে, হয়রানির ভয়ে অনেকে কর দিতে চান না। হয়রানি কমাতে এনবিআরের কী করা উচিত?
কাদির মোল্লা: বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন আর করসংক্রান্ত কোনো কাজের জন্য অনেক ক্ষেত্রে কর কার্যালয়েই যেতে হয় না। অনলাইনেই এসব কাজ করা যায়। ঘরে বসেই কর প্রদান, নতুন কর শনাক্তকারী নম্বর (টিআইএন) নিতে পারছেন করদাতারা। হয়রানি যে একদম নেই, তা নয়। তবে হয়রানির ভয়ে সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের পিছিয়ে নেওয়া ঠিক নয়। এর মানে হলো তাঁরা দেশ ও জাতিকে বঞ্চিত করছেন। নিজে কর না দিয়ে অন্যের ওপর দোষ চাপানো ঠিক নয়। আমি ১৯৮৮ সাল থেকে নিয়মিত কর দিয়ে আসছি। আমি তো পিছিয়ে যাইনি। করদাতাদের সঙ্গে কর কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ যাতে না হয় সেই ব্যবস্থা করেত হবে। কর দিতে গিয়ে করদাতারা যেন হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ছাড়া আয়কর বিবরণী ফরম আরও সহজ করার প্রয়োজন রয়েছে। কারণ, বর্তমান ফরমটি বেশ জটিল ও দীর্ঘ। প্রচার–প্রচারণার মাধ্যমেও করদাতাদের সচেতন করে তোলা যেতে পারে।
প্রথম আলো: আপনি কবে, কীভাবে ব্যবসা শুরু করেছেন, সেই গল্পটা বলুন।
কাদির মোল্লা: ১৯৯৮ সালের আগে আমি ঠিকাদারি করতাম। সে বছরই আমি নরসিংদীতে তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠা করি। প্রথমে মাত্র ৫২০ জন কর্মী নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বস্ত্র খাতের আরও প্রতিষ্ঠান তৈরি করি। এখন থার্মেক্স গ্রুপের ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। আর সবই শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। থার্মেক্স গ্রুপ প্রতিবছর কমবেশি এক হাজার ২০০ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করে থাকে। এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ হাজার ৭৫৩ জন কর্মী রয়েছেন। আমাদের নিট ও ওভেন—দুই ধরনের পোশাক কারখানা রয়েছে। আর এ দুই খাতের পুরোপুরি কম্পোজিট কারখানা, যা এ দেশে খুব কমই রয়েছে।
প্রথম আলো: ব্যবসা পরিচালনায় আপনার মূলনীতি কী ছিল?
কাদির মোল্লা: আমার বাবা তিনটি উপদেশ দিতেন। এগুলো হলো মানুষের ক্ষতি না করা, অসৎ পথে না চলা এবং মানুষের কল্যাণ করা। আমি ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনায় বাবার উপদেশগুলো মানি। থার্মেক্স গ্রুপ সব সময় তাদের কর্মীদের বেশি দিতে চায়। আমার কারখানায় কখনো বেতনভাতা দিতে বিলম্ব হয় না, কর্মীদের মাঝে অসন্তোষও নেই। যথাসময়েই কর্মীরা মজুরি পেয়ে যান। আমি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পাঁচ বছর সিঙ্গাপুরের একটি শিপইয়ার্ডে কাজ করতাম। সেখানে শিখেছি, তাঁরা কর্মীদের কত মর্যাদা দেয়। সেখানে সঠিক সময়ে বেতন-বোনাস দেওয়া হতো। শ্রমের মর্যাদা দেওয়া হতো। আমি মনে করি, আমি এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আর যিনি মেশিন চালান, সবাই এ শিল্পগোষ্ঠীর উন্নতির জন্য কাজ করছি। দুজনের যুদ্ধই এক। সবাই মিলে কঠোর পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছি। সেই হিসাবে আমি এমডি হিসেবেও একধরনের শ্রমিকই। আমরা আমাদের কর্মীদের ভালো রাখতে চাই। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্দেশিকার বাইরেও আমরা কর্মীদের বাড়তি সুবিধা দিই। সাত বছর ধরেই প্রতিবছর লাভের ৫ শতাংশ কর্মীদের মাঝে সমহারে বণ্টন করে দিই। প্রতি ঈদের বোনাসের সঙ্গে এই অর্থ পান কর্মীরা।
প্রথম আলো: সামাজিক দায়বদ্ধতায় আপনার শিল্পগোষ্ঠী কী করছে?
কাদির মোল্লা: নিজে এগিয়ে গেলে হবে না, সঙ্গে সমাজকেও এগিয়ে নিয়ে যেতে হবে। ২১ বছর ধরে সামাজিক দায়িত্ব বিশেষ করে শিক্ষা খাতের প্রসারে কাজ করছি। এ পর্যন্ত তিনটি কলেজ ও একটি স্কুল করেছি। নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজ এখন অন্যতম ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ছাড়া ৪৭টি কলেজ ও ৩৬৬টি স্কুলে অনুদান দিয়েছি। অনুদানের অর্থ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বেঞ্চ-টেবিল তৈরিসহ অন্য খাতে ব্যয় হয়েছে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানের নামে এফডিআর করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আর্থিক চাহিদা মেটানো সম্ভব হয়।
সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ