
দেশের সরকারি ও বেসরকারি খাতের ছয়টি বাণিজ্যিক ব্যাংক প্রভিশন সংরক্ষণ বা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে পড়েছে। এ ঘাটতির পরিমাণ ৬ হাজার ৫৯ কোটি টাকা। তবে সার্বিকভাবে ব্যাংক খাতে নিরাপত্তা সঞ্চিতির পরিমাণ ৪ হাজার ১২৩ কোটি টাকা। কোনো কোনো ব্যাংক প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে রেখে দেওয়ায় সার্বিকভাবে ব্যাংক খাতে ঘাটতির পরিমাণ কিছুটা কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সরকারি, বেসরকারি, বিদেশিসহ সব ধরনের ব্যাংক যেসব ঋণ বিতরণ করে, সেগুলোর গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে রাখতে হয়। কোনো ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে পরিণত হলে তাতে যেন ব্যাংক আর্থিকভাবে ঝুঁকিতে না পড়ে, সে জন্য এ নিরাপত্তা সঞ্চিতির বিধান রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গত জানুয়ারি-মার্চের খেলাপি ঋণ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, এ তিন মাসে ব্যাংক খাতে নিয়মিত খেলাপি ঋণ বেড়েছে ৮ হাজার ৪০ কোটি টাকা। আর নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে পড়েছে ৬ ব্যাংক। ব্যাংকগুলো হলো রাষ্ট্রমালিকানাধীন সোনালী, বেসিক ও জনতা এবং বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, উল্লিখিত ছয় ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতির ঘাটতির পরিমাণ ৩ হাজার ৬৭৬ কোটি, সোনালী ব্যাংকের ১ হাজার ৬৮৩ কোটি, জনতা ব্যাংকের ২৩০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ২৪৩ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ১৩৯ কোটি ও ন্যাশনাল ব্যাংকের ৮৮ কোটি টাকা। সঞ্চিতি ঘাটতির কারণ হিসেবে ব্যাংকগুলো বলছে, জানুয়ারি-মার্চ সময়ে নতুন করে অনেক ঋণ খেলাপি হয়ে পড়েছে। ফলে সেসব ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। কিন্তু হঠাৎ করে বেশ কিছু ঋণ খেলাপি হয়ে পড়ায় তার বিপরীতে পুরো সঞ্চিতি সংরক্ষণ করা সম্ভব হয়নি।
নিরাপত্তা সঞ্চিতিতে ব্যর্থ হওয়ার কারণ জানতে চাইলে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ. মজিদ প্রথম আলোকে বলেন, ব্যাসেল-৩-এর ‘সুপারভাইজারি রিভিউ প্রসেস’ মানতে গিয়ে বিভিন্ন সূচকে অবনতি ঘটেছে। ফলে খেলাপি ঋণ যেমন বেড়েছে, তেমনি চাহিদানুযায়ী নিরাপত্তা সঞ্চিতিও সংরক্ষণ করা যায়নি।
যোগাযোগ করা হলে এ ব্যাপারে বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকের ১৬টি হিসাবে অনেক ঋণ খেলাপি হয়ে পড়েছে। এ কারণে চাহিদানুযায়ী সঞ্চিতি সংরক্ষণ করা যায়নি।’
তবে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক আমাদের বাড়তি সময় দিয়েছে। আমরা চেষ্টা করছি সে অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণের।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের ঝুঁকি বিবেচনায় ঋণমানের ভিত্তিতে ২০০৬ সাল থেকে নিরাপত্তা সঞ্চিতির নির্দিষ্ট হার বেঁধে দেওয়া হয়। ২০১২ সালের ডিসেম্বরে এসে নতুন ঋণ নীতিমালা করার ফলে নিরাপত্তা সঞ্চিতিতেও নতুন বিধান চালু হয়। তবে নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হওয়া কোনো ব্যাংককে শাস্তি দেওয়া হয়েছে, এমনটি গত কয়েক বছরে দেখা যায়নি।
তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকগুলো কেন সঞ্চিতি ধরে রাখতে পারল না, সংশ্লিষ্ট বিভাগ তা জানতে চাইবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে পুরো ব্যাংক খাতে ৩৩ হাজার ৬১৫ কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতির প্রয়োজন ছিল। এর মধ্যে সব ব্যাংক মিলে সংরক্ষণ করেছে ২৯ হাজার ৪৯১ কোটি টাকা। ফলে সার্বিকভাবে পুরো ব্যাংক খাতে ৪ হাজার ১২৪ কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি দেখা দেয়। তবে একক ব্যাংক বিবেচনায় এর পরিমাণ আরও বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। গত মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪১১ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৮ হাজার ৪০ কোটি টাকা। এ ছাড়া ব্যাংক খাতে এখন পর্যন্ত অবলোপন করা ঋণের পরিমাণ ৪১ হাজার ২৩৭ কোটি টাকা। সেই হিসাবে সব মিলিয়ে ব্যাংক খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১ লাখ ৬৪৮ কোটি টাকা।