নিরুত্তাপ বাজারে ক্রেতার স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালজুড়েই আমদানিনির্ভর নিত্যপণ্য ভোজ্যতেল, চিনি, গমের দাম বিশ্বব্যাপী কম থাকায় দেশে সেগুলোর ওপর প্রভাব পড়েনি। আবার বড় ধরনের কোনো দুর্যোগ না থাকায় চাল, আলু, সবজিসহ প্রায় সব ফসলেরই বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া বড় কোনো রাজনৈতিক গোলযোগও ছিল না। সব মিলিয়ে বাজারের পণ্য ছিল সাধারণের নাগালে

নিরুত্তাপ বাজারে ক্রেতার স্বস্তি
নিরুত্তাপ বাজারে ক্রেতার স্বস্তি

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি বিবেচনায় ২০১৪ সালটি ছিল অনেকটা আশীর্বাদস্বরূপ। বছরজুড়েই নিত্যপণ্যের বাজারে কোনো উত্তাপ ছিল না। এতে স্বস্তিতে ছিলেন ক্রেতারা।
এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। পুরো ২০১৪ সালজুড়েই আমদানিনির্ভর নিত্যপণ্য যেমন: ভোজ্যতেল, চিনি, গমের দাম বিশ্বব্যাপী ছিল কম। সে কারণে দেশে ওই সব পণ্যের দাম বাড়তে পারেনি। আবার বড় ধরনের কোনো দুর্যোগ না থাকায় গেল বছর চাল, আলু, সবজিসহ প্রায় সব ধরনের ফসলেরই বাম্পার উৎপাদন হয়েছে। সে কারণেও বাজার ছিল সাধারণের নাগালে। তবে চালের দাম মাঝেমধ্যেই কিছুটা বেড়েছে, এরপর কমেছে, ফের তা বেড়েছে।
আবার গেল বছরটিতে বড় ধরনের কোনো রাজনৈতিক গোলযোগও ছিল না। সে কারণে স্বাভাবিক ছিল পণ্যের সরবরাহব্যবস্থা। পণ্য পরিবহনে বাড়তি ভাড়াও লাগেনি।
এসব কারণে নিত্যপণ্যের দাম আরও কিছুটা কম হওয়া উচিত ছিল। ফলে বাজার স্থিতিশীল থাকায় ক্রেতারা বছরজুড়ে স্বস্তিতে থাকলেও তাঁদের আরও স্বস্তি দিতে পারতেন ব্যবসায়ীরা।
গেল বছর দেশে বেশ চাল উৎপাদিত হয়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) পূর্বাভাস করেছে, ২০১৪ সালে বাংলাদেশে ৫ কোটি ৬০ লাখ টন ধান ও গম উৎপাদিত হবে, যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেশি।
দেশে সবচেয়ে বেশি চাল সংগৃহীত হয় বোরো মৌসুম থেকে। সরকারি সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল বোরো মৌসুমে ১ কোটি ৯০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। এখন চলছে আমন মৌসুম। এই মৌসুমে ১ কোটি ৩৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে অধিদপ্তর। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ লক্ষ্য অর্জনের ব্যাপারেও আশাবাদী।
চালের উৎপাদন পরিস্থিতি ভালো দেখে সরকার শ্রীলঙ্কায় ৫০ হাজার টন চাল রপ্তানিও শুরু করেছে। মজার বিষয় হলো, দেশে চালের বাম্পার উৎপাদনের মধ্যেও ভারত থেকে চাল আমদানি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ৪ লাখ টনের বেশি চাল।
কিন্তু চালের এত উৎপাদন কিংবা ভারত থেকে আমদানি কোনো কিছুই চালের দাম কমাতে পারেনি, বরং বেড়েছে। তবে ক্রেতার স্বস্তি হলো, বছরজুড়েই চালের দাম দুই-তিন টাকার বেশি বাড়েনি।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত ২৯ ডিসেম্বর মোটা চাল বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৭ টাকা কেজি, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৪ শতাংশ বেশি। বিভিন্ন ধরনের সরু চাল ৪০ থেকে ৫৬ টাকায় বিক্রি হয়েছে। আগের বছর এ চাল কেনা গেছে ৩৮ থেকে ৫৪ টাকায়।
সারা বছরের অবস্থা যা-ই থাক, বছরের শেষ সময়টায় শীতের সবজির আগমনের কারণে সাধারণ মানুষ এখন আয়েশ করে তরিতরকারি খেতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশে ১ কোটি ৩৮ লাখ টন সবজি উৎপাদিত হয়েছে। আলু উৎপাদিত হয়েছে ৯৫ লাখ টন।
তবে এবার এত বেশি সবজি উৎপাদিত হয়েছে যে দেশের অনেক স্থানের কৃষককে ৫০ পয়সায় এক কেজি মুলা বিক্রি করতে হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই ন্যায্য দাম পাননি কৃষকেরা।
২০১৩ সালে সরবরাহ সংকটে বেশ ভুগিয়েছিল পেঁয়াজ। গত বছর এমন অবস্থা দেখা যায়নি। রসুনের দামও ছিল নাগালে। তবে বছরের শুরুতে ক্রেতাদের ভুগিয়েছে আদা।
দেশের ভোগ্যপণ্যের একটি বড় অংশই আমদানিনির্ভর। আর এসব পণ্যের আন্তর্জাতিক দাম ছিল বছরজুড়েই নিম্নমুখী। এর সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে দাম কমেছে গুঁড়া দুধের। অথচ, বিগত বছরগুলোতে দাম কমানো যেন ভুলেই গিয়েছিল গুঁড়া দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বছরের শেষ দিকে ডিসেম্বরে এসে ক্রেতাদের খানিকটা স্বস্তি দিয়েছেন ব্যবসায়ীরা, কমিয়েছেন দাম। তবে আগের মূল্যের বোতলজাত তেল মুদি দোকানগুলোতে রয়ে যাওয়ায় এখনো কিছু দোকানে আগের দামের তেলই বিক্রি হচ্ছে।
অবশ্য নিত্যপণ্যের মূল্য তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ ট্যারিফ কমিশনের তদারক সেল হিসাব কষে দেখেছে, বিশ্ববাজারের তুলনায় এখনো গুঁড়া দুধ আর ভোজ্যতেলে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা।
তদারক সেলের সদস্য মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, ২০১৪ সালে সারা বছরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক ছিল। বছরের শেষে এসে বোতলজাত ভোজ্যতেল আর গুঁড়া দুধের দামও যৌক্তিক পর্যায়ে নেমে এসেছে। তবে বিশ্ববাজারে যে দাম ছিল, তাতে সারা বছরই পণ্য দুটি যৌক্তিক দামে ক্রেতাদের সরবরাহ করা সম্ভব ছিল। এতে এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকত।
বিশ্ববাজারে চিনির দাম কম হওয়ায় দেশেও কম দামে বিক্রি হয়েছে চিনি। তাই গত বছরের মতো এবারও চিনি নিয়ে স্বস্তিতে ছিলেন ক্রেতারা। এমনকি রমজানের বাড়তি চাহিদাতেও চিনি নিয়ে কারসাজির সুযোগ পাননি ব্যবসায়ীরা।