বাজেটে কালোটাকা সাদা করতে কর হার কমানোর উদ্যোগের সমালোচনা করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট মূল্যায়নে প্রতিক্রিয়া হিসেবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, বাজেটে ন্যূনতম কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ থাকায় সৎ করদাতাদের কর দিতে তা নিরুৎসাহিত করবে। কালোটাকা সাদা করতে কর হার কমানোর ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়বে।
এফআইসিসিআই বলেছে, ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন করা সম্ভব। তবে এ জন্য বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি করতে হবে। পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৪ থেকে কমিয়ে ৩ শতাংশ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এফআইসিসিআই। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের মোট মূলধনের ৫০ শতাংশের বেশি মুনাফা হলে ওই মুনাফার ওপর অতিরিক্ত কর দেওয়ার শর্ত তুলে দেওয়ার উদ্যোগকেও সমর্থন দিয়েছে ফরেন চেম্বার। তবে বাজেটে করপোরেট ও ব্যক্তিপর্যায়ের কর হার কমানোর কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেছে সংগঠনটি।
ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগের ক্ষেত্রে করদাতাদের কর রেয়াত-সুবিধা কমানোর সমালোচনা করেছে এফআইসিসিআই। বর্তমানে একজন করদাতা তাঁর মোট আয়ের ৩০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে ১৫ শতাংশ হারে কর রেয়াত নিতে পারেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে এখন থেকে কোনো করদাতা তাঁর মোট আয়ের ওপর ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করে কর রেয়াত-সুবিধা নিতে পারবেন। এমন উদ্যোগ ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে মনে করে এফআইসিসিআই।
বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিদের গ্র্যাচুইটি ও পেনশন ফান্ডের অর্থ বিনিয়োগ করে অর্জিত সুদের ওপর ৫ শতাংশ কর আরোপের উদ্যোগের সঙ্গেও দ্বিমত পোষণ করেছে এফআইসিসিআই।