নীতিবিবর্জিত চাওয়া

একই পরিবার থেকে একটি ব্যাংকে পরিচালক থাকতে পারবেন চারজন এবং তাঁরা টানা ৯ বছর পর্ষদে থাকতে পারবেন—এমন সুবিধা দিয়ে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের আমি তীব্র বিরোধিতা করছি। চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে আমানতের ওপর সুদ আরোপসহ জনগণের স্বার্থবিরোধী প্রস্তাবগুলোতে সাংসদেরা যেভাবে সোচ্চার হয়েছিলেন, আশা করছি এ বিষয়েও তাঁদের বিবেক জাগ্রত হবে।
পরিচালকেরা ব্যাংকের টাকার বড়জোর ১০ শতাংশের মালিক। বাকি ৯০ শতাংশ কিন্তু আমানতকারীদের টাকা। এ কারণেই অন্য
ব্যবসায়ের সঙ্গে ব্যাংক ব্যবসায়কে মিলিয়ে দেখা ঠিক নয়। এ কারণেই ব্যাংক ব্যবসায় তদারকির জন্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বিশাল সংস্থার দরকার পড়ে। একটি পরিবারের এত লোক পর্ষদে থাকলে আমানতকারীদের আমানত যেমন ঝুঁকিপূর্ণ হয়, আবার ব্যবস্থাপনা পর্যায়েও পেশাদারত্বের অভাব দেখা দেয়। অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) জন্য এই অবস্থা সুখকর হয় না। উদাহরণ হিসেবে ন্যাশনাল ব্যাংকের কথা যদি বলি, এই ব্যাংকে একই পরিবার থেকে পাঁচজন পরিচালক রয়েছেন। আমরা দেখেছি যে ব্যাংকটি থেকে তিন বছরে তিনজন এমডিকে পদত্যাগ করতে হয়েছে এবং ৯ মাস ধরে ব্যাংকটিতে নিয়মিত এমডি নেই। ১০ শতাংশের মালিকেরা তাঁদের পক্ষে আইন সংশোধন করতে চাইবেনই। আমার প্রশ্ন হচ্ছে, সরকার কেন তাঁদের এই নৈতিকতাবিবর্জিত চাওয়া সমর্থন করবে? আমি মনে করি, আইনটি সংশোধনের আগে আমানতকারী এবং পেশাজীবীদের মতামতও নেওয়া উচিত।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর