পণ্য ধ্বংসের অর্থনীতি

বিদেশি মুদ্রায় কেনা ঝুড়ি ঝুড়ি ফল কনটেইনার খুলে ফেলে দেওয়া হচ্ছে গর্তে। ফলের সঙ্গে গর্তে পড়ছে আলু, মাছ, আদা। এসবের কোনোটিই আর খাওয়ার উপযোগী নয়। পচে-গলে দুর্গন্ধ বের হচ্ছে। যাঁদের সামনে এসব ফল গর্তে ফেলা হচ্ছে, তাঁরা নিশ্বাস নিচ্ছেন মেপে মেপে।
গতকাল সোমবার সকালে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের পাশে খোলা জায়গায় পচনশীল পণ্য ধ্বংস কার্যক্রমে দেখা গেছে এ চিত্র। বন্দর দিয়ে এক থেকে তিন বছর আগে এসব পণ্য আমদানি হয়েছিল। আমদানিকারক খালাস না করায় মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হয়ে যায় এসব পণ্য। এ কারণে ধ্বংস করার এই আয়োজন।
এসব কনটেইনার আমদানির সঙ্গে জড়িত সব পক্ষের তথ্য অনুযায়ী, ধ্বংস করার এই আয়োজনে সব পক্ষই লোকসান গুনছে। ধ্বংস করতে আরও দেরি হলে লোকসানের পরিমাণ বাড়ত আরও বেশি। শুধু পণ্য সরবরাহকারী বা রপ্তানিকারক ছাড়া আর কেউ লাভের মুখ দেখেনি।
গতকাল প্রথম দিন ২১ কনটেইনারের পণ্য ধ্বংস করার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চলছিল এ কার্যক্রম। কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে নদীর তীরে খোলা জায়গায় বড় গর্ত করা হয়। এরপর ট্রেইলরে তুলে বন্দর থেকে কনটেইনার আনা হয় ঘটনাস্থলে। কনটেইনারের দরজা খুলে ক্রেনের সাহায্যে উপুড় করে এসব পণ্য গর্তে ফেলা হয়। একই প্রক্রিয়ায় আজ মঙ্গলবার ধ্বংস করা হবে আরও ২২ কনটেইনার। এই ৪৩টি কনটেইনারে পণ্যের পরিমাণ ৯০২ টন। তবে এতে সব মিলিয়ে কত টাকার পণ্য আছে, সেই হিসাব করা যায়নি।
এসব কনটেইনারে পণ্য আমদানি করেছিলেন ব্যবসায়ীরা। ব্যাংকে ঋণপত্র খোলার সময় কিছু টাকা পরিশোধ করেছেন তাঁরা। তবে পণ্য খালাস না করায় ব্যাংকে টাকা পরিশোধ করতে হয়নি। কিছু টাকা গচ্চা দিয়ে হলেও তাঁরা সটকে পড়েছেন। আবার ব্যাংকের কোনো লাভ হয়নি। কারণ আমদানিকারক থেকে কিছু টাকা পেলেও পণ্য চলে আসায় পুরো টাকা ঠিকই রপ্তানিকারকের কাছে পাঠিয়ে দিয়েছিল সংশ্লিষ্ট ব্যাংক।
আমদানি হলেও খালাস না হওয়ায় নিলামে তুলে সরকারি রাজস্বের কিছু অংশ পাওয়ার কথা ছিল কাস্টমসের। কিন্তু নিলামে তুলে বিক্রি করতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ বা সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।
কাস্টমসের সহকারী কমিশনার মো. রহমত আলী প্রথম আলোকে বলেন, জাহাজে বৈদ্যুতিক গোলযোগের কারণে কিছু পণ্য নষ্ট হয়েছে। নিলামে তোলার পর মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিক্রি করা যায়নি। খালাস না করায় বা নিলামে বিক্রি না হওয়ায় স্বাভাবিকভাবে সরকারি রাজস্ব আদায়েরও সুযোগ নেই।
বন্দরে নামানোর পর এসব কনটেইনার রাখা হয় বন্দরের রেফার ইয়ার্ডে। বিদ্যুতের সংযোগ দেওয়া হয় এসব কনটেইনারে। আবার বন্দরে রাখার ভাড়াও যোগ হচ্ছিল। কিন্তু সাধারণত বন্দর এসব কনটেইনারের ভাড়া আর পায় না। পাবে শুধু বিদ্যুৎ বিলের টাকা। এই টাকা আবার বিদ্যুৎ বিভাগের কাছে তুলে দেবে বন্দর। অর্থাৎ বন্দর কিছুই পাচ্ছে না।
বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, ‘বন্দরের ভাড়া পাব না, এটা বলা যাবে না। এটি আলোচনার বিষয়। তবে বন্দরের জন্য স্বস্তির বিষয় হলো, এখন ৪৩টি কনটেইনার রাখার জায়গা হলো। এ জায়গায় বছরে অনেক কনটেইনার রাখা যাবে।’
বিদ্যুৎ বিলের টাকা দেওয়ার কথা কনটেইনার মালিকপক্ষের। আমদানিকারক থেকে আদায় করার কথা ছিল তাদের। কিন্তু আমদানিকারক উধাও হয়ে যাওয়ায় এ টাকা দিতে হবে তাদেরই। তারা আবার কনটেইনারের ভাড়া বাবদ আমদানিকারক থেকেও কোনো টাকা পাচ্ছে না। উল্টো ধ্বংস কার্যক্রমে তাদের খরচই হচ্ছে বেশি। এরপরও এ আয়োজন কেউ কেউ মেনে নিয়েছে। কনটেইনার মালিকপক্ষের এ সংখ্যা সাতটি।
এঁদেরই একটি সিএমএ সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেড। মোট ৪৩টি কনটেইনারের মধ্যে ১১টি এ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ওয়াহিদ আলম ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারক থেকে কোনো টাকাই পাব না। দুই বছর ধরে এসব কনটেইনার ভাড়াও দেওয়া যায়নি। উল্টো বন্দরকে বিদ্যুৎ বিল দিতে হবে প্রতি কনটেইনারে চার লাখ টাকা। ধ্বংস করার খরচও কিছু বহন করতে হয়েছে। তবু সান্ত্বনা, প্রায় দুই বছর আটকে থাকার পর ১১টি কনটেইনার হাতে পেয়েছি। এগুলো এবার অন্তত ভাড়ায় ব্যবহার করা যাবে।’