সংশোধিত হিসাবে বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি ১ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার বেড়েছে। তাতে গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার পণ্য রপ্তানি আয়ের সংশোধিত হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত রপ্তানি তার আগের অর্থবছরের ৩ হাজার ১২০ কোটি ৮৯ লাখ ডলারের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ এবং আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২৬ শতাংশ বেশি।
গত মাসে প্রকাশিত ইপিবির প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ৩ হাজার ৪২৪ কোটি ১৮ লাখ ডলারের পণ্য
রপ্তানি আয় হয়। এটি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২১ শতাংশ বেশি। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।
ইপিবির প্রাথমিক হিসাবে কম্পিউটার সেবা খাতের রপ্তানি আয় গত অর্থবছরের জুলাই-মে সময়ের ছিল। সংশোধিত হিসাবে পুরো অর্থবছরের রপ্তানি আয় দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, কম্পিউটার সেবা খাতের রপ্তানি আয় ১৩ কোটি ৬৪ লাখ ডলার থেকে বেড়ে ১৫ কোটি ১৮ লাখ ডলার হয়েছে।
সংশোধিত হিসাবে শুধু গত জুলাই মাসে রপ্তানি আয় হয় ৩৫৯ কোটি ২৯ লাখ ডলার। প্রাথমিক হিসাবে এই আয় ছিল ৩৫৭ কোটি ৭৬ লাখ ডলার।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।