পর্যবেক্ষক দিয়ে চলছে ১৫ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অবস্থার অবনতি, অনিয়ম, অবৈধ অর্থায়ন ও পর্ষদে অন্তঃকোন্দলের কারণে এ পর্যন্ত ১৩টি ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত ২টি আর্থিক প্রতিষ্ঠানে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকই ৭টি, বেসরকারি মালিকানাধীন ব্যাংক ৬টি ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ২টি।
পর্যবেক্ষকেরা এসব প্রতিষ্ঠানের পর্ষদ ও নির্বাহী কমিটির সভায় উপস্থিত থেকে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন। এরপরও পরিস্থিতির উত্তরণ হচ্ছে না। এতে উঠছে নানা প্রশ্ন। সব মিলিয়ে ৫৬টি ব্যাংকের মধ্যে ১৩টিই চলছে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক দিয়ে।
ব্যাংক ১৩টি হলো সরকারি খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স, ন্যাশনাল, মার্কেন্টাইল, ইসলামী, ফারমার্স ও আইসিবি ইসলামিক ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান দুটি হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় সরকারি ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আর বেসরকারি কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কিছু বিষয়ে প্রশ্ন ওঠায় পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর উন্নতি হচ্ছে। তিনি জানান, এসব প্রতিষ্ঠানের সভাগুলোতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি উপস্থিত থাকায় সুশাসন ও ঋণের ঝুঁকি-ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যাংকের সার্বিক আর্থিক সূচক ‘ক্যামেলস’ রেটিং ৩ বা তার বেশি হলে পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি খাতের ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং ৩ বা তার বেশি হওয়ায় পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৮ নভেম্বর সরকারি খাতের চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পর্যবেক্ষক নিয়োগের কারণ হিসেবে রয়েছে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী—এই চার ব্যাংকের মুখ্য ঝুঁকি-ব্যবস্থাপনা সন্তোষজনক পর্যায়ে নেই।
গত ১০ ডিসেম্বর সরকারি খাতের বিডিবিএলে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির মুখ্য ঝুঁকি-ব্যবস্থাপনা সন্তোষজনক পর্যায়ে নেই। বর্তমানে এর খেলাপি ঋণ রয়েছে ৬৪৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৩ দশমিক ১৮ শতাংশ।
এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। গত ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়ায় ৪ হাজার ৭০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ শতাংশ। আর মূলধনের ঘাটতি দাঁড়ায় ৬ হাজার ৮১৭ কোটি টাকা, পুরো ব্যাংক খাতের মধ্যে যা সর্বোচ্চ।
এর আগে বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা অনিয়মের কারণে সূচকে অবনতি ঘটলে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। গত বছর শেষে ব্যাংকটির মূলধনের ঘাটতি দাঁড়ায় ১ হাজার ৭৭৭ কোটি টাকা আর খেলাপি ঋণ ৬ হাজার ৩৯২ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫০ শতাংশ।
ন্যাশনাল ব্যাংকেও অনিয়মের কারণে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ ১ হাজার ৩০১ কোটি টাকা, যা পুরো ঋণের ৭ দশমিক ১৪ শতাংশ।
বাংলাদেশ কমার্স ব্যাংকেও অনিয়মের কারণে পর্যবেক্ষক রয়েছেন। গত বছর শেষে ব্যাংকটির মূলধনের ঘাটতি দাঁড়ায় ২৮১ কোটি টাকা আর খেলাপি ঋণ ৪৮১ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৫৮ শতাংশ। আইসিবি ইসলামিক ব্যাংকে অনিয়মের পর থেকেই পর্যবেক্ষক রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির খেলাপি ঋণ ৬৯৯ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৭৬ দশমিক ৪৭ শতাংশ।
এ ছাড়া নতুন অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংকেও যাত্রার ৩ বছরের মাথায় পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে বড় ধরনের অনিয়মের পর এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইনি লড়াইয়ের পর সব সিদ্ধান্ত মেনে নেয়।
ব্যাংকটিতে নিযুক্ত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এন এম আবুল কাশেম গতকাল প্রথম আলোকে জানান, ব্যাংকটি তাঁর পরামর্শ গ্রহণ করছে।
এ ছাড়া অনিয়ম ও পরিচালনা পর্ষদে অন্তঃকোন্দলের কারণে মার্কেন্টাইল ব্যাংকে এবং অবৈধ অর্থায়নের আশঙ্কায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিংয়ে প্রায় ৫০০ কোটি টাকা অনিয়মের কারণে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সেও প্রায় ৭০০ কোটি টাকা অনিয়ম ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।