ব্যাংকিং-সংক্রান্ত আন্তর্জাতিক ব্যাসেল কমিটির ব্যাসেল-৩ বাস্তবায়নে পাঁচ বছরের পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০১৯ সালের মধ্যেই ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হবে ঝুঁকিনির্ভর সম্পদের সাড়ে ১২ শতাংশ হারে। অর্থাৎ বর্তমানের চেয়ে ২ দশমিক ৫০ শতাংশ মূলধন বাড়াতে হবে।
এর আবার সাড়ে ৪ শতাংশ মূলধন জোগাতে হবে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের অর্থ থেকে।
বর্তমানে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার ব্যাসেল-৩ সংক্রান্ত পরিকল্পনাটি নীতিমালা হিসেবে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
যোগাযোগ করা হলে ব্যাংকগুলোতে শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, ব্যাসেল-৩তে ব্যাংকের আর্থিক অবস্থা শক্তিশালী করতে মূলধনের ওপর জোর দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে টায়ার-১ মূলধনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী বছর ব্যাংকগুলোকে মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারেই মূলধন রাখতে হবে। যার অন্তত সাড়ে ৪ শতাংশ হবে উদ্যোক্তা মূলধন। পরের বছর অর্থাৎ ২০১৬ সাল থেকে আপৎকালীন সুরক্ষা (কনজারভেশন বাফার) হিসেবে মূলধন বাড়িয়ে যেতে হবে; যা ২০১৯ সালে ঝুঁকিভিত্তিক সম্পদের সাড়ে ১২ শতাংশে উন্নীত হবে।
এই সাড়ে ১২ শতাংশে পৌঁছাতে ২০১৬ সালে অতিরিক্ত শূন্য দশমিক ৬২৫ শতাংশ, ’১৭ সালে ১ দশমিক ২৫ শতাংশ, পরের বছর অর্থাৎ ’১৮ সালে ১ দশমিক ৮৭ শতাংশ এবং ২০১৯ সালে ২ দশমিক ৫০ শতাংশে উন্নীত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলম এ প্রতিবেদককে বলেন, তাঁরা এ বিষয়ে অনেকগুলো সমীক্ষা করেছেন। তিনি বলেন, ‘ব্যাংক খাতের প্রায় সব কটি ব্যাংক ইতিমধ্যেই এ মূলধনের (টায়ার-১) সাড়ে ৪ শতাংশের বেশি সংরক্ষণ করছে।’
সুইজারল্যান্ডের ‘ব্যাসেল’ এলাকায় ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (বিআইএস) সদর দপ্তর অবস্থিত। এলাকার নামানুযায়ী ব্যাংক খাতের আন্তর্জাতিক বিধানকে ব্যাসেল নামে অভিহিত করা হয়। প্রথম পর্যায়ে প্রণীত বিধান ব্যাসেল-১, দ্বিতীয় পর্যায়ে ব্যাসেল-২ এবং তৃতীয় পর্যায়ে প্রণীত বিধান ব্যাসেল-৩ নামে পরিচিত। বাংলাদেশে ২০০৯ সালের জানুয়ারি থেকে ব্যাসেল-২ নীতিমালা বাস্তবায়ন শুরু হয়। তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যাসেল-২ নীতিমালার আলোকে গত সেপ্টেম্বর ভিত্তিতে আটটি ব্যাংক প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারেনি। এ ব্যাংকগুলোর ঘাটতি ১২ হাজার ৬০৭ কোটি টাকা। আর সামগ্রিক ব্যাংক খাতে এর প্রভাবে ঘাটতি এক হাজার ৯৬ কোটি টাকা হয়েছে।