পাঁচ বছরে স্থলবন্দরের আয় দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে গত পাঁচ বছরে দেশের স্থলবন্দরগুলোর আয় দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে আমদানি-রপ্তানির পরিমাণও বেড়েছে। তবে বেনাপোল, বুড়িমারী, ভোমরাসহ হাতে গোনা স্থলবন্দর ছাড়া অন্য স্থলবন্দরগুলোর অবকাঠামো খুব বেশি ভালো নয়; আয়ও খুব বেশি নয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে স্থলবন্দরগুলোর মোট আয় হয়েছে ১০০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭৮ লাখ টাকা। এরপর প্রতিবছরই ধারাবাহিকভাবে আয় বেড়েছে। যেমন: ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে যথাক্রমে ৬১ কোটি টাকা, ৭০ কোটি টাকা ও ৮৩ কোটি টাকা।

স্থলবন্দরের আয়ের প্রধান উৎসগুলো হলো খালাস হওয়ার অপেক্ষায় থাকা পণ্যের জন্য শেড ও ইয়ার্ড ভাড়া; ওজন মাপার মাশুল, প্রবেশ মাশুল, শ্রমিক মজুরি, দলিলাদি প্রক্রিয়াকরণ মাশুল ইত্যাদি।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেশ বেড়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রধান স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করায় দ্রুত পণ্য খালাস হচ্ছে। তাই স্থলবন্দরগুলোর আয়ও বেড়েছে।

গত অর্থবছরে স্থলবন্দর থেকে যত আয় হয়েছে, এর প্রায় ৮৮ শতাংশের বেশি এসেছে তিনটি স্থলবন্দর থেকে। স্থলবন্দরগুলো হলো বেনাপোল, বুড়িমারী ও ভোমরা। বরাবরের মতো গত অর্থবছরে সবচেয়ে বেশি মাশুল আদায় হয়েছে বেনাপোল স্থলবন্দরে। এই স্থলবন্দরের আয় ৪৪ কোটি টাকা। যা মোট আয়ের প্রায় অর্ধেকের কাছাকাছি। বুড়িমারী সাড়ে ২৭ কোটি টাকা ও ভোমরা ১৭ কোটি টাকা আয় করেছে। দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর আখাউড়া সবচেয়ে কম ৬ কোটি ৩৬ লাখ টাকা আয় করেছে। টেকনাফ, সোনামসজিদ, হিলি, বিবিরবাজার, বাংলাবান্ধা ও নাকুগাঁও—এই ছয়টি স্থলবন্দরের আয় সব মিলিয়ে সাড়ে ১১ কোটি টাকা। জানা গেছে, গত বছর সবগুলো স্থলবন্দর দিয়ে প্রায় ১ কোটি টনের বেশি পণ্য আমদানি-রপ্তানি হয়েছে।

বার্ষিক আয় দিয়েই স্থলবন্দরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, উন্নয়নসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করা হয়। প্রতিবছর গড়ে ৪০ থেকে ৫০ কোটি টাকা এসব খাতে ব্যয় হয়। বাকি অর্থ সরকারি কোষাগারের পাশাপাশি স্থায়ী আমানত হিসেবে রাখা হয়। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থায়ী আমানতের পরিমাণও বেড়েছে। গত জুলাই মাসে এসে স্থলবন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত বেড়ে দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। গত অর্থবছরে আমানতের সুদ বাবদ পাওয়া গেছে ১০ কোটি ৮৭ লাখ টাকা। গত ২০১৫-১৬ অর্থবছর শেষে স্থায়ী আমানতের পরিমাণ ছিল ১৬৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে স্থায়ী আমানত বেড়েছে ৪৬ কোটি টাকা।

বর্তমানে ২৩টি স্থলবন্দর আছে। তবে এর মধ্যে ওই ১০টি স্থলবন্দর কার্যকর আছে। বাকিগুলো এখনো শুল্কস্টেশনের মতো চলে। স্থলবন্দর দিয়ে মূলত স্থলপথে আমদানি-রপ্তানি হয়। আর প্রায় শতভাগ পণ্যই আমদানি-রপ্তানি হয় ভারতের সঙ্গে। মিয়ানমারের সঙ্গে হয় ১ শতাংশেরও কম।

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিশেষ করে ভারতসহ পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাণিজ্য সহজ করতে ২০০১ সালে স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন হয়।