পাঁচ মাসে প্রবাসী-আয় ১১ শতাংশ বেড়েছে
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা এ বছরের নভেম্বর মাসে ১১৫ কোটি ২৩ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) দেশে পাঠিয়েছেন।
এ নিয়ে জুলাই থেকে নভেম্বর সময়ে, অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী বাংলাদেশিরা ৬১৮ কোটি ১৩ ডলারের সমান বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৫৫৬ কোটি ২৫ ডলারের সমান বৈদেশিক মুদ্রা। অর্থাৎ গত পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১ কোটি ৮৮ ডলার বা ১১ দশমিক ১২ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা।
দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধির অন্যতম উৎস্য হচ্ছে প্রবাসী-আয় বা রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবৃদ্ধি। গতকাল মঙ্গলবার দেশের রিজার্ভ ছিল দুই হাজার ১৬৭ কোটি ৫৫ লাখ ডলার।
দেশে দুই হাজার ২০০ কোটি ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে, তার ৬৬ শতাংশ অর্থাৎ এক হাজার ৪৫০ কোটি ডলার প্রবাসীদের পাঠানো আয় থেকে এসেছে।
এর আগে গত অক্টোবর মাসে প্রবাসী-আয় এসেছিল ১০১ কোটি ৯০ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ১৩৪ কোটি ৪২ লাখ ডলার। আগস্ট মাসে আসে ১১৭ কোটি ৪৩ লাখ ডলার এবং জুলাই মাসে আসে ১৪৯ কোটি ১৩ লাখ ডলার।
প্রসঙ্গত, ১৩ বছর পর গত অর্থবছরে প্রবাসী-আয় আগের বছরের চেয়ে কম হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, প্রবাসী-আয়প্রবাহে গত অর্থবছরের ঋণাত্মক ধারা এখন ইতিবাচক ধারায় এসেছে। অক্টোবর মাসে ঈদ ও পূজার কারণে প্রায় এক সপ্তাহ সরকারি বন্ধ থাকার পরও যে পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে, তা ইতিবাচক।