পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি দ্বিগুণ
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। রপ্তানির তুলনায় আমদানি কয়েক গুণ বেশি হারে বাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের ঘাটতি বজায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, আলোচ্য সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ১০ লাখ ডলার, যেখানে গত বছরের প্রথম পাঁচ মাসে এর পরিমাণ ছিল ২২৫ কোটি ডলার।
আলোচ্য সময়কালে এফওবিভিত্তিক রপ্তানি ও আমদানি বেড়েছে যথাক্রমে দশমিক ৯১ শতাংশ ও ১৬ দশমিক ৬২ শতাংশ। এফওবিভিত্তিক হিসাব মানে আমদানি-রপ্তানির জন্য জাহাজীকৃত পণ্যের প্রকৃত মূল্যভিত্তিক হিসাব। আর তাই রপ্তানির জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান এবং আমদানির জন্য কাস্টমসের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) মূল্যের সঙ্গে কিছুটা পার্থক্য দেখা যায়।
আমদানি বৃদ্ধির কারণ হিসেবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে। এর আগে অর্থনীতির প্রথম প্রান্তিক পর্যালোচনা প্রতিবেদনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বলেছিল, ‘তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে উৎসাহিত হয়ে ব্যবসায়ীরা মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি শুরু করেছেন, যা সার্বিক আমদানিকে বাড়িয়েছে।’
তবে অনেকেই মনে করছেন, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি যতটা হয়েছে বলে দেখানো হচ্ছে, বাস্তবে হয়তো ততটা নয়। বরং ওভার ইনভেয়সিং করে বা অতি মূল্য দেখিয়ে দেশের বাইরে কিছু অর্থ পাচার হচ্ছে বলে তাঁদের আশঙ্কা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেছে, বিনিয়োগ হয়নি, বরং বাইরে টাকা পাচার হয়েছে। সিপিডি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সময়কালের তথ্য তুলে ধরে বলেছে, এই সময়কালে মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে ৪৪ থেকে ৫৯৫ শতাংশ পর্যন্ত। আমদানি এত বিপুল পরিমাণ বৃদ্ধি সন্দেহজনক। আমদানি ব্যয়ের আড়ালে টাকা পাচার হতে পারে।
লেনদেনের ভারসাম্য সারণি থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১৩১ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ১১২ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত। এমনকি চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও প্রায় ৪৫ কোটি ডলারের ঘাটতি ছিল। চতুর্থ মাসে গিয়ে ঘাটতি অনেক বেড়ে গেছে, যা পঞ্চম মাসেও অব্যাহত আছে।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৫৮ কোটি ৫০ লাখ ডলারের, যা তার আগের বছরের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছরে একই সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৫৫ কোটি ৩০ লাখ ডলার।
আলোচ্য সময়কালে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেশ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে যেখানে পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ ছিল ২৫ কোটি ডলার, সেখানে ২০১৪-১৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৩৭ কোটি ৮০ লাখ ডলার।
সার্বিকভাবে অবশ্য লেনদেনের ভারসাম্য পরিস্থিতিরও অবনতি হয়েছে। আলোচ্য সময়কালে লেনদেনের ভারসাম্যে ১১৫ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে, যেখানে ২০১৩-১৪ অর্থবছর শেষে এটি ছিল ২০৪ কোটি ডলার।