পাটপণ্যের ব্যবহার বাড়ছে না

বিশ্বের প্রধান পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু রপ্তানিতে দেশটি পিছিয়ে। কারণ, ভারতে উৎপাদিত পাটপণ্যের ৮০ শতাংশেরও বেশি সে দেশের ভেতরে ব্যবহৃত হয়।
অথচ, বাংলাদেশের চিত্রটা পুরোপুরি ভিন্ন। দেশের সরকারি-বেসরকারি পাটকলগুলো রপ্তানিনির্ভর। দেশের ভেতরে পাটপণ্যের ব্যবহার কম। তার ওপর গত এক বছরে দেশে পাটপণ্যের ব্যবহার তো বাড়েনি, উল্টো বেশ কমে গেছে।
পাট অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে দেশের ভেতরে ৮০ হাজার টন পাটপণ্য বিক্রি কিংবা ব্যবহার হয়েছে। অথচ আগের বছরও এই পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮১৩ টন। এক বছরে পাটপণ্যের ব্যবহার কমেছে ২৬ হাজার ৮১৩ টন।
২০১২-১৩ অর্থবছরে দেশের ভেতরে পাটপণ্য ব্যবহারের পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৩০৯ টন।
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), বেসরকারি পাটকলগুলোর সংগঠন বিজেএমএ,
বেসরকারি পাট-সুতাকলগুলোর সংগঠন বিজেএসএ এবং অন্যান্য দপ্তরের তথ্য নিয়ে এই হিসাব করেছে পাট অধিদপ্তর।
জানতে চাইলে পাট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাটকলগুলো রপ্তানিনির্ভর। তাই রপ্তানি বাজারে কিছু হলেই পাটকলগুলো লোকসানে পড়ে যায়। দেশের বাজারকে গুরুত্ব দিয়ে পাটকলে পণ্য উৎপাদিত হচ্ছে না বলেই পাটশিল্প চাঙা হচ্ছে না। পাটকলমালিকদের অভ্যন্তরীণ বাজার বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।’
পাট অধিদপ্তরের হিসাবমতে, দেশে যত পাটপণ্য উৎপাদিত হয়, তার ৬০-৬৫ শতাংশ রপ্তানি হয়। দেশের ভেতরে ব্যবহৃত হয় ১৫-২০ শতাংশ। বাকি ১৫-২০ শতাংশ মজুত পড়ে থাকে। দেশের ভেতরে চাহিদা বাড়ানো গেলে কোনো পণ্য মজুত পড়ে থাকবে না।
কোন পণ্যের কত বিক্রি: দেশে যত পাটপণ্য বিক্রি হয়, তার মধ্যে এগিয়ে পাটের বস্তা। ২০১৪-১৫ অর্থবছরে পাটের বস্তা বিক্রি হয়েছে ৩০ হাজার ৫০০ টন; যা আগের বছরে ছিল ৬৯ হাজার ৭০৭ টন। এক বছরে বস্তা বিক্রি কমে অর্ধেকে নেমেছে।
তবে পাটের বস্তার বিক্রি কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন পাটকলমালিকেরা। এ ক্ষেত্রে বিজেএমসির একটি উদ্যোগের উদাহরণ দেওয়া যেতে পারে। প্রতিটি পাটের বস্তার দাম ৬০-৭০ টাকা হওয়ায় চালকলমালিকেরা যখন বস্তা কিনছিলেন না, তখন বিজেএমসি হেসিয়ান ক্লথ দিয়ে ৫০ কেজি ওজন বহনে সক্ষম একটি পাটের বস্তা বানানো শুরু করে। দাম ৩২ টাকা।
বিজেএমসি সূত্র জানায়, গত বছরের অক্টোবরে এই বস্তা তৈরি শুরু করলেও চালকলমালিকদের কাছ থেকে সাড়া আসে ডিসেম্বরে। ১৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ১ কোটি ১৮ লাখ পাটের বস্তা বিক্রির কার্যাদেশ পায় তারা। তবে তখন পর্যন্ত বিক্রি হয় ২১ লাখ বস্তা।
তবে এই বস্তা বিক্রি এখন আবার ঝিমিয়ে পড়েছে। কারণ, এই বস্তা ট্রাকে ওঠানো-নামানোর সময় ছিঁড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সে কারণে এর মান যাচাইয়ের জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইতে দেওয়া হয়েছে। মান পরীক্ষার পর এ বস্তা নিয়ে আবার কাজ শুরু হবে।
বেসরকারি পাটকলগুলো অবশ্য বিজেএমসির মতো কম দামের বস্তা উৎপাদনে যায়নি। সে কারণে দেশে তাদের বিক্রিও বাড়েনি। বিজেএমএর সচিব এ বারিক খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘সরকার আইন করলেও চালকলমালিকেরা আমাদের কাছ থেকে পাটের বস্তা কিনছে না। এ বিষয়ে সরকারের আরও কড়াকড়ি করা উচিত। তাহলে পাটকলগুলো পুনরুজ্জীবিত হবে।’
সরকার ধান-চাল পাটের বস্তায় বিপণন করতে বাধ্যবাধকতা আরোপ করলেও চালকলমালিকেরা সে দিকে যাচ্ছেন না। তাঁরা বলছেন, পাটের বস্তার দাম প্লাস্টিকের বস্তার চেয়ে কয়েক গুণ বেশি। দাম বেশি হওয়ায় পাটের বস্তার ব্যবহার লাভজনক নয়। পাটের বস্তার দাম ৬০ আর প্লাস্টিকের বস্তার দাম ১৫-২০ টাকা।
পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল বছর দেশে হেসিয়ান ২৫ হাজার ৮০০ টন, পাট-সুতা ১৯ হাজার ৮১০ টন এবং অন্যান্য পাটপণ্য ৪ হাজার ১৯০ টন বিক্রি হয়েছে।
পাট অধিদপ্তরের পরিচালক বলেন, পলিথিন ও প্লাস্টিকের বস্তার বিক্রি ও উৎপাদন বন্ধ করা গেলে দেশে পাটপণ্যের ব্যবহার ২৫-৩০ শতাংশ বাড়বে। এর দাম হবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা। দেশে পাটপণ্যের ব্যবহার বাড়াতে প্রয়োজনে সরকারি-বেসরকারি পাটকলগুলোকে প্রণোদনা দিতে হবে।