পাটশিল্প রক্ষায় পাটনীতি দ্রুত বাস্তবায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিনে আবারও বাজার সয়লাব হয়ে গেছে। নিষিদ্ধ এই পণ্য পথেঘাটেও যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে। শুধু পলিথিনের জন্যই বুড়িগঙ্গা নদীর তলদেশ ৯-১০ ফুট ভরাট হয়ে গেছে। এ জন্য পরিবেশদূষণের পাশাপাশি বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা।
এ দুরবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই পাটপণ্যের ব্যবহার বাড়াতে হবে। তবে এ ক্ষেত্রে পিছিয়ে আছে দেশ। সরকারের ঘোষিত পাটনীতি, ২০১১ অনুযায়ী বর্তমানে উৎপাদিত পাটপণ্যের মাত্র ১৩ শতাংশ দেশের অভ্যন্তরে ব্যবহৃত হয়। যদিও ২০২১ সালের মধ্যে এ হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা আছে। এটি অর্জন করতে হলে পলিথিন আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ আইনটি কার্যকর করতে হবে। পাশাপাশি চাল, চিনিসহ সব খাদ্যপণ্য মোড়কজাত করতে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক কার্যকর করতে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ‘জাতীয় সম্পদ পাট ও পাটশিল্পের সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে পাটকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
গোলটেবিলে আলোচকেরা বলেন, শুধু আইন প্রয়োগ করে ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পাটের ব্যবহার বন্ধ করা যাবে না। এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে, যাতে সবাই পাটজাতপণ্য ব্যবহারে উৎসাহিত হয়। পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। এ ছাড়া পাট খাত সংস্কার কর্মসূচির নামে বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী পাটকল বন্ধ করে দেওয়ার সমালোচনা করেন তাঁরা।
রাশেদ খান মেনন বলেন, ‘পাটনীতি প্রণীত হয়েছে, তবে বাস্তবায়ন নেই। পাটশিল্পে বিনিয়োগের প্রশ্ন উঠলে আমাদের চক্ষু লাল হয়ে যায়। পাটের সংকট কাটাতে বিশ্বব্যাংকের চেপে বসা ভূত আমাদের তাড়াতে হবে।’ তিনি আরও বলেন, এ খাতে জড়িত শ্রমিক-কর্মচারীদের স্বার্থ নিয়ে সংগঠনগুলো যতটা সোচ্চার, পাটচাষি ও পরিবেশ রক্ষায় পাটের গুরুত্ব বিষয়ে ততটা নয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ করে পাটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, বাংলদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বিজেএমসির সাবেক পরিচালক শামছুল হক, স্কপের নেতা রাজেকুজ্জামান রতন, পরিবেশবিদ আবু নাসের প্রমুখ।