পানগাঁও টার্মিনাল ব্যবহারে ছয় ধরনের মাশুল কমল

ব্যবসায়ীদের আগ্রহ বাড়াতে ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও কনটেইনার টার্মিনাল ব্যবহারে আগামী তিন বছরের জন্য মাশুল কমেছে। গতকাল সোমবার ছয় ধরনের মাশুল ৩০ থেকে ৭৬ শতাংশ কমিয়ে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, পানগাঁও টার্মিনালে জাহাজ থেকে কনটেইনারে পণ্য ওঠানো-নামানো, দুই ধরনের ক্রেন ব্যবহার, কনটেইনার রাখা, জেটি ব্যবহার, কনটেইনার থেকে পণ্য খোলা ও বোঝাই এবং টার্মিনাল চত্বরে কনটেইনার ওঠানো-নামানোর মাশুল কমানো হয়েছে। এ ছাড়া টার্মিনাল চত্বরে এখন পণ্যভর্তি কনটেইনার চার দিনের স্থলে ১০ দিন বিনা ভাড়ায় রাখা যাবে।
প্রায় তিন বছর আগে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে কনটেইনারে করে পণ্য আনা-নেওয়ার জন্য বুড়িগঙ্গার তীরে এই নৌ টার্মিনালটি চালু করা হয়; যাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমে এবং ব্যবসায়ীরাও কম খরচে নৌপথে পণ্যভর্তি কনটেইনার পরিবহনে সুবিধা পান। তবে শুরু থেকেই চড়া মাশুল আদায় এবং চট্টগ্রাম-পানগাঁও নৌপথে নিয়মিত চলাচলের জন্য পর্যাপ্ত জাহাজ না থাকায় এই টার্মিনাল ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ ছিল কম। সে জন্য টার্মিনালটি ব্যবহারের বিপরীতে মাশুল কমানো হয়েছে এবং এতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়তে পারে বলে আশা করছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।
পানগাঁও কনটেইনার টার্মিনালের টার্মিনাল ব্যবস্থাপক আহমেদুল করিম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, মাশুল কমানোর ফলে এই টার্মিনাল ব্যবহারে ব্যবসায়ীদের আস্থা ফিরে আসবে। এতে টার্মিনালটি কর্মচঞ্চল হয়ে উঠবে।
হিসাব করে দেখা গেছে, ছয় ধরনের মাশুল কমানোর ফলে চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনাল দিয়ে প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনার ঢাকা ও আশপাশের অঞ্চলে পরিবহনে খরচ কমবে ন্যূনতম ৬ হাজার ৫৮০ টাকা। অবশ্য এর আগে গত ৩১ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কনটেইনারপ্রতি (২০ ফুট লম্বা ও ১৫ টন পণ্য) পরিবহন ভাড়া ১০০ ডলার (ডলারপ্রতি ৮০ টাকা হিসাবে প্রায় ৮ হাজার টাকা) কমিয়ে ১২০ ডলার নির্ধারণ করেছে। তাই মাশুল ও পরিবহন ভাড়া মিলিয়ে প্রতি কনটেইনার পরিবহনে মোট মাশুল কমেছে ১৪ হাজার ৫৮০ টাকা।
বন্দরের তথ্যের ভিত্তিতে সড়ক, রেল ও নৌপথে খরচের হিসাব তুলনা করে দেখা যায়, মাশুল কমানোর পর এখন প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনার পরিবহনে নৌপথে খরচ ৪৪ হাজার ৪৩৬ টাকা থেকে কমে ২৯ হাজার ১৪২ টাকায় নেমে এসেছে। সড়কপথে এ ব্যয় ২৯ হাজার ৪৫২ টাকা ও রেলপথে ২৪ হাজার ৮৫১ টাকা। তবে কনটেইনারে পণ্যের পরিমাণ ১৫ টনের বেশি হলে নৌপথে এ খরচ বাড়বে।
অবশ্য খরচ কমলেও চট্টগ্রাম থেকে নৌপথে কনটেইনার পণ্য পরিবহনে সময় লাগে বেশি। চট্টগ্রাম থেকে পানগাঁও নৌপথে বর্তমানে তিনটি জাহাজ পরিচালনা করছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এ ছাড়া নিপা পরিবহনের একটি, করিম গ্রুপের দুটি ও আরিয়ান ট্রেডার্সের একটি করে জাহাজ প্রস্তুত অবস্থায় থাকলেও এখনো পণ্য পরিবহন শুরু করেনি। আরও ছয়টি জাহাজ ডিসেম্বরের মধ্যে যোগ হওয়ার কথা রয়েছে। প্রতিদিন চট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনার জাহাজ চলাচল না থাকায় পোশাকশিল্পের জন্য আমদানি করা কাঁচামাল ও রপ্তানিমুখী পণ্য পরিবহন হচ্ছে না।
জানতে চাইলে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের কাঁচামাল আমদানি বা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সড়কপথে এখন ছয় ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকা ও আশপাশের কারখানায় পণ্য আনা-নেওয়া করা যায়। মাশুল কমানো হলেও নৌপথে কনটেইনার পরিবহনে সময় বেশি লাগে। তাই কম সময়ে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত থাকা চাই। আবার বিদেশি ক্রেতারাও পানগাঁও নৌ টার্মিনাল থেকে রপ্তানি পণ্য বুঝে নেওয়ার ব্যাপারে রাজি হতে হবে।’
তবে সিদ্দিকুর রহমান এটাও মনে করেন, বাণিজ্যিক পণ্য আমদানিকারকদের মাধ্যমেও এ টার্মিনালের ব্যবহার বাড়াতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে এ টার্মিনাল গড়ে তোলে। এটির নির্মাণকাজ শেষ হয় ২০১৩ সালের জুনে, আর চালু হয় একই বছরের ৭ নভেম্বর। টার্মিনালটি নির্মাণে চট্টগ্রাম বন্দর বিনিয়োগ করেছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। বন্দরের তথ্য অনুযায়ী, চালুর পর থেকে গত ২৫ আগস্ট পর্যন্ত প্রায় তিন বছরে ৪ হাজার ৯২৫ একক কনটেইনার পরিবহনের সুবাদে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দরের হিসাবে, ২০১৫ সালে এ বন্দর দিয়ে ২০ লাখ ২৪ হাজার একক কনটেইনার পরিবহন হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনাল হয়ে পরিবহনের হার মাত্র দশমিক শূন্য ৬ শতাংশ। রেলপথে এই হার ৩ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ ৯৬ দশমিক ৫২ শতাংশ কনটেইনারই সড়কপথে পরিবহন হয়েছে।