পাল্টে গেল বিনিয়োগ হিসাব!
গত অর্থবছরে (২০১৫-১৬) প্রত্যাশার চেয়ে বেশি বেসরকারি বিনিয়োগ হয়েছে। সরকার যে পরিমাণ বেসরকারি বিনিয়োগ হবে বলে আশা করেছিল, তার চেয়ে প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি বিনিয়োগ হয়েছে। তিন-চার মাসের ব্যবধানে বিনিয়োগের এই হিসাব পাল্টে যাওয়ায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির উৎস কী, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
গত অর্থবছরের শেষ পর্যায়ে এপ্রিল মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িক হিসাব করে বলেছিল, ওই বছর চলতি মূল্যে ৩ লাখ ৭৬ হাজার ৭৫৪ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হবে। পরে বছর শেষে চূড়ান্ত হিসাবে দেখা গেল, ৩ লাখ ৯৮ হাজার ৩৪৭ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হয়েছে। গত অক্টোবর মাসে এই হিসাব দেয় বিবিএস। অর্থাৎ, চূড়ান্ত হিসাবে প্রত্যাশার চেয়ে প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা।
বেসরকারি এত বিনিয়োগ হলো কীভাবে, এমন প্রশ্নের জবাবে বিবিএসের পরিচালক (জাতীয় হিসাব শাখা) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নির্মাণ খাতেই বেসরকারি বিনিয়োগ বেশি হয়। তাই জিডিপিতে এর প্রতিফলন ঘটে; বেশি মূল্য সংযোজন হয়। গত অর্থবছরেও নির্মাণ খাতটি চাঙা ছিল, বেসরকারি বিনিয়োগ বেশি হয়েছে। কলকারখানা, বাড়িঘর তৈরি, রড-সিমেন্টসহ আনুষঙ্গিক পণ্য—সবই নির্মাণ খাতের। তিনি আরও বলেন, সাময়িক হিসাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের পুরো চিত্র পাওয়া যায় না। গতবার এডিপি বাস্তবায়নও বেশি হয়েছে। সরকারি বিনিয়োগ বেশি হওয়ার মানেই হলো বেসরকারি খাতে এর সুফল গেছে।
নির্মাণ খাতে বেশি বিনিয়োগ হলে এর মূল্য সংযোজন বেশি হওয়ার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিবিএসের সাময়িক হিসাবে, চলতি মূল্যে নির্মাণ খাতে মূল্য সংযোজন হয়েছে ১২ হাজার ৭৭৫ কোটি টাকা। চূড়ান্ত হিসাবে মূল্য সংযোজন বেড়েছে মাত্র ৬০ কোটি টাকা।
এ ছাড়া পাইকারি ও খুচরা ব্যবসা, পরিবহন, হোটেল ও রেস্তোরাঁ—এসব খাতেই বেসরকারি বিনিয়োগ হয়। কিন্তু এসব খাতে প্রতিটিতেই সাময়িকের চেয়ে চূড়ান্ত হিসাবে মূল্য সংযোজন কম হয়েছে। তবে উৎপাদন খাতে মূল্য সংযোজন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা যাচ্ছে না—এ নিয়ে কয়েক বছর ধরেই হাপিত্যেশ হচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে, গত এক দশকের মধ্যে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ সর্বোচ্চ পর্যায়ে আছে। গত অর্থবছরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ জিডিপির ২২ দশমিক ৯৯ শতাংশের সমান, যা বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ। গত বছরের সাময়িক হিসাবে এর অংশ ছিল জিডিপির ২১ দশমিক ৭৮ শতাংশ। চূড়ান্ত হিসাবে বেসরকারি বিনিয়োগের পরিমাণ জিডিপিতে সোয়া ১ শতাংশ বেড়েছে।
গত অর্থবছরের প্রবৃদ্ধিকেও প্রশ্নবিদ্ধ করেছে বিনিয়োগের হিসাবটি। বিবিএসের সাময়িক হিসাবে ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছিল, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য এই প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু চূড়ান্ত হিসাবে দেখা গেল, প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ হওয়ার পেছনে বেসরকারি বিনিয়োগের ভূমিকাই মুখ্য।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, অক্টোবর মাসে বিবিএসের চূড়ান্ত হিসাবে দেখা গেছে, প্রবৃদ্ধি অর্জনে সেবা খাতের অত বড় ভূমিকা ছিল না। সরকারি বিনিয়োগের ভূমিকাও খুব বেশি নয়। মূল ভূমিকা হলো বেসরকারি বিনিয়োগের। এর মানে হলো, ব্যক্তি খাতে অনেক বেশি বিনিয়োগ হয়েছে। সেবা খাত নাকি বেসরকারি বিনিয়োগ, কোনটির ভূমিকা বেশি ছিল তা নিয়ে বিবিএসের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত।