পুরোটা বাস্তবায়নে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটা দাগে আমি বলব, বাজেট ভালো হয়েছে। ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল করপোরেট কর কমানো। সরকার পরপর দুই বছর করপোরেট কর কমিয়েছে, যখন করোনার মধ্যে রাজস্ব আদায় পরিস্থিতি অনুকূল ছিল না।

শুধু করপোরেট কর নয়, অন্যান্য ক্ষেত্রেও কর কমেছে। ‘মেড ইন বাংলাদেশ’–এর ওপর জোর দিয়ে দেশীয় শিল্পকে কর সুরক্ষা দেওয়া হয়েছে, কাঁচামালে কর ছাড় দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দিতে উৎসাহ দেওয়া হয়েছে। বড় শহরের বাইরে হাসপাতাল করতে উৎসাহ দেওয়া হয়েছে। এমন অনেক ভালো দিক বাজেটে আছে।

একটা ক্ষেত্রে ছাড় প্রত্যাশিত ছিল। সেটা অগ্রিম আয়করে (এআইটি)। এখন লাভ–লোকসাননির্বিশেষে আগাম কর কেটে রাখা হয়। সেটা সমন্বয় হয় না। এতে কার্যকর করহার অনেক বেশি হয়ে যায়। অগ্রিম আয়কর থাকাই উচিত নয়, করোনাকালে তো নয়ই। আয় না হলে আয়কর কেন দেবে? এটা তুলে নিয়ে প্রণোদনা কিছু কম দিলেও ভালো। আমরা চাই, অর্থমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মাসে ২৫ লাখ করে টিকা দেওয়ার কথা বলেছেন। বিষয়টি বাজেট বক্তৃতায় এসেছে, এটা ভালো। তবে টিকা দেওয়ার হার বাড়াতে হবে। নইলে গণটিকাদানের লক্ষ্যপূরণে অনেক সময় লেগে যাবে। জনগণকে সুস্থ রাখাটা আমাদের জন্য খুব জরুরি, নইলে সবকিছুর ওপর প্রভাব পড়বে। অর্থনীতির গতিও থেমে যাবে।

দেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রবাসী আয় পরিস্থিতিও সন্তোষজনক। এখন দরকার অভ্যন্তরীণ বাজারে চাহিদা ধরে রাখা। আমরা এ ক্ষেত্রে একটি প্রস্তাব দিয়েছিলাম যে মানুষ বছরজুড়ে যে ব্যয় করবে, তার বিপরীতে দেওয়া কর থেকে একটা অংশ ছাড় পাবে। এই ছাড় দেওয়া হবে আয়কর থেকে। এই ব্যবস্থা অনেক দেশেই করা হয়েছে। ভোগ বাড়াতে আমরা এই প্রণোদনা দিতে পারতাম।
নতুদ দরিদ্রদের জন্য বাজেটে আমি কিছু দেখিনি। আমার চোখে পড়েনি। অনেক পরিবারই সংকটে রয়েছে। তাদের জন্য একটা ব্যবস্থা থাকতে পারত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে নতুন করে কত মানুষ দরিদ্র হলো, তা নিয়ে দ্রুত একটি জরিপ করে ফেলতে পারে। এরপর সরকার তাদের বিষয়টি মাথায় রেখে কর্মসূচি নিতে পারে। অনেক মধ্যম আয়ের পরিবার এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। তাদের জন্যও কিছু থাকা উচিত।

মনে রাখতে হবে, অভ্যন্তরীণ বাজারে চাহিদা যদি চাঙা না থাকে, তার প্রভাব পড়বে রাজস্ব আদায়, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ওপরে।

করোনাকালে সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে, তার সুফল বেশি পেয়েছে বড়রা। ছোটদের কাছে সহায়তা ততটা পৌঁছায়নি। দেশে ক্ষুদ্র ও মাঝারি খাত (এসএমই) অর্থনীতির চালিকা শক্তি। তাদের টিকিয়ে রাখতে সহায়তা দিতে হবে। প্রথম প্রণোদনা প্যাকেজে যেসব কারণে তারা বঞ্চিত হয়েছে, দ্বিতীয় প্যাকেজে সেসব সমস্যার সমাধান করতে হবে। দ্বিতীয় প্যাকেজের বিষয়ে অবশ্য বাজেটে কিছু দেখিনি।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৬ শতাংশের কিছু বেশি। এটা সাধারণত ৫ শতাংশের কম রাখা হয়। তবে এবার ঘাটতি বেশি ধরা নিয়ে আমি চিন্তিত নই। সেটার কারণ দুটি। এক. ঋণ পেতে কোনো অসুবিধা হবে না। বাংলাদেশকে ঋণ দিতে অনেকেই আগ্রহী। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে অনেক ভালো। এমনকি ভারতের চেয়েও পরিস্থিতি ভালো।

দুই. অভ্যন্তরীণ উৎসেও টাকার অভাব হবে না। রাজস্বের যে লক্ষ্য ধরা হয়েছে, তা গত বছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে ৯ শতাংশের মতো বেশি। আমার মনে হয়, এটা অর্জন করা সম্ভব। আর ব্যাংকে প্রচুর তারল্য রয়েছে। সরকার ঋণ নিতে পারবে। তবে বেসরকারি খাতের যখন প্রয়োজন হবে, তখন ব্যাংকে যাতে তারল্য থাকে, সেটি মাথায় রাখতে হবে।

করোনার মধ্যে অর্থনীতি চাঙা রাখতে আমাদের ব্যয় বেশি করতে হবে। কিন্তু আমরা দেখি, উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় সবই নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় না। বাস্তবায়নে গুণগত মান নিয়ে প্রশ্ন থাকে। এ ক্ষেত্রে শক্ত হতে হবে। জবাবদিহি বাড়াতে হবে। বর্তমান কৌশলে কাজ না হলে কৌশল পাল্টাতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় ব্যয় বেশি করার বিষয়টি মাথায় রাখা জরুরি।

দেশে প্রতিবছর যে বাজেট ঘোষণা করা হয়, তা পুরোটা বাস্তবায়িত হলে অর্থনীতির চেহারা পাল্টে যেত। বড় বাজেট, ভালো বাজেট, বাস্তবায়ন পুরোটা হলে লাভ হবে সবার।