পূর্ব এশিয়ার দেশগুলো থেকে বিনিয়োগ আকর্ষণ করতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হলেও এ খাতের উন্নয়ন ঘটাতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক সেমিনারে অর্থনীতিবিদেরা এ অভিমত তুলে ধরেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনকক্ষে বিআইডিএস ও জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও) যৌথভাবে ‘পূর্বমূখী নীতি: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহানের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক ছিলেন ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট অব আশিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ার (ইআরআইএ) প্রধান অর্থনীতিবিদ ফুকুনারি কিমুরা।
কিমুরা বলেন, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হলে বাংলাদেশে বড় সমুদ্রবন্দর, বিমানবন্দর ও উন্নত যোগাযোগব্যবস্থার কোনো বিকল্প নেই। এসব খাতে বাংলাদেশকে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও উন্নত যোগাযোগব্যবস্থার কোনো বিকল্প নেই। তাঁর মতে, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই বিশ্বের সব দেশকে এখন বৈশ্বিক উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে। এর থেকে বিচ্ছিন্ন থাকলে ওই দেশ পিছিয়ে পড়বে।
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বাংলাদেশ সাহায্যনির্ভর অর্থনীতির পরিবর্তে এখন বিদেশি বিনিয়োগ ও মূলধননির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। একসময় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২ শতাংশ ছিল বৈদেশিক সাহায্য, এখন সেটি কমে ২ শতাংশে নেমে এসেছে। বৈদেশিক সাহায্যনির্ভরতার কারণে পশ্চিমা দেশগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা বেড়ে গিয়েছিল।
প্রবীণ এই অর্থনীতিবিদের মতে, কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য বাংলাদেশে আরও অধিক পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আর এমনি এমনি বিদেশি বিনিয়োগ আসবে না। সেটি নির্ভর করবে বাংলাদেশকে আমরা বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলতে পারছি কি না, তার ওপর। এটি করতে হলে বন্দরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন দরকার, যাতে পণ্য পরিবহন বা যোগাযোগের ক্ষেত্রে সময় কমে আসে।
উল্লেখ্য, বাংলাদেশের বার্ষিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ এখনো ২০০ কোটি ডলার অতিক্রম করতে পারেনি। ২০১২-১৩ অর্থবছরে যেখানে ১৭৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা কমে গিয়ে হয়েছে ১৪৯ কোটি ৫৫ লাখ ডলার। বৈশ্বিক উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে রেহমান বলেন, এখন একটি দেশ এককভাবে কোনো পণ্য উৎপাদন করে না। দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের মূল্য সংযোজনের মাধ্যমে একটি পণ্য তৈরি হচ্ছে। এ ধরনের মূল্য সংযোজন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।
উদাহরণ হিসেবে বলা যায়, একটি দেশে নতুন একটি মোবাইল ফোনসেট তৈরি করা হবে। তবে বিশ্বের অন্য কোনো একটি দেশ ওই ফোনসেটের জন্য সফটওয়্যার তৈরি করছে। আবার কোনো কোনো দেশ বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করছে। শেষে এসে চূড়ান্তভাবে ওই ফোনসেটটি তৈরি হচ্ছে অন্য আরেক দেশে। এই প্রক্রিয়াটিকে গ্লোবাল ভ্যালু চেইন বা বৈশ্বিক উৎপাদন প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সেমিনারে আহসান এইচ মনসুর বলেন, এক সময় এশিয়ার মূলধন বা টাকা গেছে পশ্চিমের বা উন্নত বিশ্বের দেশগুলোতে। কিন্তু এখন ঘটছে ঠিক উল্টোটি। ওই সব দেশ থেকে এশিয়ায় মূলধন ফিরে আসছে। এর ফলে এ অঞ্চলে চাহিদা বৃদ্ধির মাধ্যমে একটি বড় বাজার তৈরি হচ্ছে। একসময় বিশ্বের অভিজাত গাড়ি রোলস রয়েস সবচেয়ে বেশি ব্যবহৃত হতো আমেরিকায়। আর এখন এ গাড়ি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চীনে। তার মানে, এ অঞ্চলে একটি বড় বাজার তৈরি হয়েছে। এ অঞ্চলের সব দেশ মিলে এ সুবিধা নিতে হবে। এশিয়ায় এখন যে মূলধন রয়েছে, তার সঠিক বিনিয়োগের উদ্যোগ নিতে হবে।
বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের উন্নয়নের ক্ষেত্রে যেসব নীতি বা পদক্ষেপ গ্রহণ করেছে, সেখান থেকে বাংলাদেশ কোনো অভিজ্ঞতা কাজে লাগাতে পারে কি না, বিষয়টি ভেবে দেখা দরকার। সেটি করতে হলে ওই দেশগুলোর উন্নয়নের অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করা উচিত।