পোশাক খাতে সক্ষমতা বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার ‘ষষ্ঠ এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স পুরস্কার’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা l ছবি: এইচএসবিসি
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার ‘ষষ্ঠ এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স পুরস্কার’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা l ছবি: এইচএসবিসি

তৈরি পোশাক খাতের রপ্তানি ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে হলে বাংলাদেশের তুলনামূলক সুবিধাকে প্রতিযোগিতা সক্ষমতায় রূপান্তর করতে হবে। একই সঙ্গে এ খাতের দক্ষতা বাড়ানোর বিষয়টিও নিশ্চিত করতে হবে। আর এসব পরিবর্তন দ্রুততার সঙ্গে করতে না পারলে আফ্রিকাসহ উদীয়মান দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।
বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) আয়োজনে এক আলোচনা অনুষ্ঠানে এমন মতামত দিয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ীসহ বিশেষজ্ঞরা। ‘ষষ্ঠ এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স পুরস্কার’ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার তিন পর্বের আলোচনা অনুষ্ঠানের প্রথম পর্ব আয়োজিত হয়। গতকালের আলোচনার বিষয়বস্তু ছিল ‘তৈরি পোশাক রপ্তানির টেকসই উন্নয়ন-অগ্রাধিকার ও সামনে এগোনোর উপায়’।
আলোচনায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিভিন্ন নীতিমালা খুব দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের স্মার্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।’
মোস্তাফিজুর রহমান পণ্য রপ্তানিতে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শুল্কমুক্ত সুবিধা ১০ বছরে অর্জন করতে না পারাকে বাংলাদেশের বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন তিনি।
বিজিএমইএর সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ বলেন, শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের অনেক কাজ করতে হবে। এ জন্য সরকারের সহযোগিতার পাশাপাশি ক্রেতারা যাতে পোশাকের ন্যায্যমূল্য দেন সেটি নিশ্চিত করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন, আগামী সাত বছরে এ খাতের আরও ১৫ লাখ লোককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘অ্যাকর্ড-অ্যালায়েন্স তিন হাজারের বেশি কারখানা পরিদর্শন করে যে ছাড়পত্র দিয়েছে, সেটা কাজে লাগিয়ে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।’
আলোচনায় স্বাগত বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো। এ ছাড়া ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান কে এম রেজাউল হাসনাত, ইংরেজি দৈনিক দ্য ডেইল স্টার-এর বাণিজ্য সম্পাদক অরুণ দেবনাথ, দুলাল ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ভুবনেশ খান্না প্রমুখ আলোচনায় অংশ নেন।