পোলট্রি খাতে চাই বড় বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ২০২১ সালে দৈনিক প্রায় সাড়ে ৪ কোটি ডিম ও সাড়ে ৩ থেকে ৪ হাজার মেট্রিক টন মুরগির মাংসের প্রয়োজন হবে। এ চাহিদা মেটাতে পোলট্রি খাতে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ লাগবে। এ জন্য দরকার হবে সরকারি-বেসরকারি উভয় ধরনের বিনিয়োগ।
এমন মতামতই উঠে এসেছে ‘২০২১ সালের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের চ্যালেঞ্জ: সরকারি-বেসরকারি পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গতকাল বুধবার এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
ছায়েদুল হক বলেন, ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে না এলে পোলট্রি শিল্পের বিকাশ সম্ভব নয়। ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিয়ে শিল্প করা কঠিন।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, পোলট্রি খাতকে অবশ্যই বিমার আওতায় আনতে হবে। কেননা একটি স্থানে বার্ড ফ্লু হলে পুরো এলাকার ভালো মুরগি মেরে ফেলতে দেখা যায়। এতে খামারিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হন।
মাতলুব আহমাদ জানান, ২০২১ সাল নাগাদ পোলট্রি শিল্পে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়াতে সহযোগিতা করবে এফবিসিসিআই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো সুবীর কান্তি বৈরাগী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান প্রমুখ।