ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্যাকেজ মূসক বা ভ্যাট থাকলেও সেটি দ্বিগুণ করা হয়েছে। এতে ব্যবসায়ীরা চাপে পড়বেন। অনেকে মূসক প্রদানে ব্যর্থ হবেন। সরকার রাজস্ব হারাবে। ফলে প্যাকেজ মূসক যৌক্তিক হারে কমানো প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই বলেছে বিসিআই। বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার বিষয়টিকে ‘হতাশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছে এই চেম্বার। তাদের মতামত, এমন সুযোগের কারণে বৈধভাবে অর্থ উপার্জনকারীরা নিরুৎসাহিত হবেন। তা ছাড়া জমি ক্রয়ে কালোটাকা ব্যবহার হলে জমির দাম বাড়বে ও শিল্পায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
রাজধানীতে বিসিআইয়ের সভাকক্ষে গতকাল শুক্রবার বাজেটের ওপর আলোচনার জন্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধূরী। সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোহাব্বত উল্যাহ্, শহিদুল ইসলাম, প্রীতি চক্রবর্তী, ফারুক আহমেদ প্রমুখ। আলোচনার পর বাজেট প্রতিক্রিয়া সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়।
প্রস্তাবিত বাজেটে কয়েকটি সিদ্ধান্তকে ‘অশুভ’ বলেছে বিসিআই। সেগুলো হচ্ছে পোশাক রপ্তানির এফওবি মূল্যের ওপর দেড় শতাংশ উৎসে কর, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা, রাজস্ব আদায়ে ব্যাপক হারে করারোপ, মুঠোফোনের সব সেবার ওপর কর বৃদ্ধি ইত্যাদি।
বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাত থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকার বেশি ঋণ গ্রহণের কথা বলেছে। বিসিআই বলেছে, সরকার যদি ব্যাংক খাত থেকে এই বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে, তবে বেসরকারি খাতের ঋণপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। বেসরকারি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের পরিমাণ যৌক্তিক হারে হ্রাস করা প্রয়োজন বলে মনে করে চেম্বার।
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি আমদানির ওপর শুল্কারোপ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের করপোরেট কর হ্রাস, চাল আমদানিতে শুল্ক বৃদ্ধি, তামাক ও তামাকজাতীয় পণ্য তৈরির যন্ত্রপাতি আমদানি শুল্ক বৃদ্ধি, কৃষিতে প্রণোদনা অব্যাহত রাখা, বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশনের ব্যবস্থা, গ্যাস সিলিন্ডারের ওপর শুল্ক হ্রাস, শিল্পায়নের বিকাশে অবকাশ সুবিধা অব্যাহত, শেয়ারবাজারে প্রণোদনা দেওয়াকে ভালো উদ্যোগ বলে উল্লেখ করেছে বিসিআই।