প্রকল্প বাস্তবায়নে 'কচ্ছপগতি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পশুর নদের চ্যানেলের আউটবারে খনন করার জন্য ২০০৬ সালে প্রকল্প নিয়েছিল মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রথমে প্রকল্পটির ব্যয় ৫৮ কোটি টাকা নির্ধারণ করা হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়, আর টাকার পরিমাণও হয় ১৭৮ কোটি টাকা।
কিন্তু প্রথম নয় বছরে কোনো টাকা খরচ করা সম্ভব হয়নি। গত অর্থবছরে ১৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও মাত্র ৩ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিবছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থেকে যাচ্ছে প্রকল্পটি। স্থবির হয়ে আছে এ প্রকল্প। এ পর্যন্ত ছয়বার দরপত্র আহ্বান করেও দরদাতা চূড়ান্ত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। প্রথম পাঁচবার তো দরপত্র আহ্বান করার পরও কোনো প্রতিষ্ঠানই আসেনি। ২০০৮ সালে সর্বশেষ দরপত্র আহ্বান করা হলে সেখানে একটি ফরাসি কোম্পানি দরপত্রে অংশ নেয়। একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ায় তা বাতিল করা হয়।
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৭ সালে ৩০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। পরে গত জুন পর্যন্ত সময় বাড়ানো হয় ও খরচ বাড়িয়ে করা হয় প্রায় ৫২ কোটি টাকা। কিন্তু গত নয় বছরে নির্ধারিত মেয়াদে ঠিকাদার নির্বাচন করা সম্ভব হয়নি। গত মাসে এক ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে, যে প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৩০ শতাংশ বেশি দর দিয়েছে। এতে প্রকল্পের ব্যয় আরও বাড়বে। গত সাড়ে ৯ বছরে ৫৭ লাখ টাকা খরচ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের হার মাত্র ১ শতাংশ।
২০১০ সালে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা শিল্পনগরী প্রকল্প নেওয়া হয়। কাজ শুরু করতে না পারায় মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৭ সালের জুন মাস পর্যন্ত। আর ব্যয় বেড়ে দাঁড়ায় সাড়ে ৫৪ কোটি টাকা। কুমিল্লা এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। গত ৬ বছরে বেতন-ভাতা খাতে খরচ হয়েছে মাত্র ১৭ লাখ টাকা। বাস্তবায়নের হার মাত্র দশমিক ০৩ শতাংশ।
২০ কোটি টাকার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প নেওয়া হয়। আগামী জুন মাসে এর মেয়াদ শেষ হবে। কিন্তু গত ছয় বছরে এক টাকাও খরচ হয়নি। বাস্তবায়নের হার শূন্য।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এভাবেই বাস্তবায়ন না হয়ে বছরের পর বছর প্রকল্প এডিপি রয়ে গেছে। নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাঁচিয়ে রাখা হয়।
এমন অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এবং কম বাস্তবায়ন হয়েছে, এমন প্রকল্প এডিপি থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত ১২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় শ্লথগতির প্রকল্প চিহ্নিত করে তা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। আর প্রকল্প বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি)।
সম্প্রতি শ্লথগতির ৩৬টি প্রকল্প চিহ্নিত করেছে আইএমইডি। আইএমইডি তৈরি করা তালিকায় বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ ১১টি প্রকল্প রয়েছে। এ তালিকা তৈরির ক্ষেত্রে যেসব প্রকল্পের বাস্তবায়ন ৫ শতাংশের কম, সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন যেসব মন্ত্রণালয় ও বিভাগ এসব প্রকল্প বাস্তবায়ন করছে, ওই সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই সভা আহ্বান করবে পরিকল্পনা মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, শ্লথগতির প্রকল্পগুলোর সবই বাদ দেওয়া হবে, তা নয়। সংশ্লিষ্ট ১২টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করে এসব প্রকল্প পর্যালোচনা করা হবে। যেসব প্রকল্প একদমই বাস্তবায়ন করা সম্ভব হবে না, সেগুলোর বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অবশ্যই এডিপিতে রাখা হবে।
জানা গেছে, আইএমইডির তালিকায় থাকা মন্থর গতির সব প্রকল্প বাদ যাবে না। কেননা, এ তালিকায় গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি সড়ক নির্মাণ; ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন; আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌবন্দর স্থাপন; ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ রেলপথ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প আছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্প বাদ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করা হচ্ছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, জমি অধিগ্রহণ না করায় বিলম্ব; দাতাদের কাছ থেকে অর্থের নিশ্চয়তা নেই; মামলাজনিত কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না; দরপত্র আহ্বান করেও ঠিকাদার না পাওয়া ইত্যাদি।
চলতি অর্থবছরের এডিপিতে ১ হাজার ২৭৮টি প্রকল্প আছে। প্রতিবছর এ বিপুলসংখ্যক প্রকল্পে বরাদ্দ দিতে গিয়ে হিমশিম খেতে হয় পরিকল্পনা মন্ত্রণালয়কে। অপেক্ষাকৃত কম প্রকল্পে নামমাত্র বরাদ্দ দিয়ে বাঁচিয়ে রাখা হয়। এতে এডিপি ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।